আলেমদের অবদান সংরক্ষণে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের প্রকাশনা

 বায়তুল মোকাররম ইসলামি বইমেলায় ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের ‘তুরাস-এর উত্তরাধিকার’ প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠান
বায়তুল মোকাররম ইসলামি বইমেলায় ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের ‘তুরাস-এর উত্তরাধিকার’ প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠান

মুক্তমন রিপোর্ট : রাজধানীর বায়তুল মোকাররম ইসলামি বইমেলায় ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের গবেষণা ও প্রকাশনা সেলের উদ্যোগে প্রকাশিত ‘তুরাস-এর উত্তরাধিকার’ সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়েছে। শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমাদ শফী (রহ.) ও কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনগরী (রহ.)-এর স্মরণে প্রকাশনাটি বের করা হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) আয়োজিত এ অনুষ্ঠানে বক্তারা দেশের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে আলেম-ওলামাদের অবদান সংরক্ষণ, তাঁদের ভূমিকা নিয়ে গবেষণা এবং সেই ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্ব দেন।

ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের গবেষণা ও প্রকাশনা সেলের সম্পাদক মাওলানা ত্বহা মাহমুদ ও সহসম্পাদক মাওলানা শারাফাত শরীফের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির আহ্বায়ক মাওলানা আশরাফ উদ্দিন মাহদি আযহারী।

আলেমদের অবদান সংরক্ষণের আহ্বান

সভাপতির বক্তব্যে মাওলানা আশরাফ মাহদি বলেন, ‘তুরাস-এর উত্তরাধিকার’ সংখ্যায় ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখা আলেমদের অবদান তুলে ধরা হয়েছে। আল্লামা আহমাদ শফী ও আল্লামা জুনায়েদ বাবুনগরী তাঁদের ভূমিকার কারণে শেখ হাসিনার সরকারের রোষানলে পড়েছিলেন বলেও মন্তব্য করেন তিনি।

আশরাফ মাহদি বলেন, স্বাধীনতার পর থেকে দেশ ও ইসলাম রক্ষার বিভিন্ন আন্দোলনে আলেমদের ভূমিকা থাকলেও ইতিহাসে তাঁদের অবদান যথাযথভাবে তুলে ধরা হয়নি। ভবিষ্যৎ প্রজন্মকে সেই ইতিহাস ও উত্তরাধিকার সম্পর্কে সচেতন করতেই ধারাবাহিকভাবে এ ধরনের প্রকাশনা বের করার উদ্যোগ নেওয়া হয়েছে।

রাজনীতিতে নীতিনিষ্ঠ ভূমিকার আহ্বান

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেন, আলেম-ওলামাদের কোনো রাজনৈতিক পক্ষের হাতিয়ার না হয়ে নিজেদের নীতি ও শক্তির ভিত্তিতে দাঁড়ানো উচিত। রাষ্ট্র পরিচালনায় তাঁদের সুষ্ঠু ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিনিধি মাওলানা গাজী ইয়াকুব ২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনা এবং করোনা মহামারির সময় তাঁর অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তিনি অভিযোগ করেন, আলেমদের মূলধারার আলোচনা থেকে বাদ দেওয়া হয়েছে।

বিগত সরকারের সময়ে আলেমদের অবমূল্যায়ন ও নির্যাতনের শিকার হতে হয়েছে বলেও দাবি করেন তিনি। ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারের বক্তব্য সংগ্রহ করে প্রাতিষ্ঠানিক ও আন্তর্জাতিক মানের নথি তৈরি করা প্রয়োজন ছিল বলে মন্তব্য করেন মাওলানা গাজী ইয়াকুব।

ইতিহাস ও গবেষণায় প্রকাশনার গুরুত্ব

দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ সহসম্পাদক মনযূরুল হক প্রকাশনাটির গুরুত্ব তুলে ধরে বলেন, এটি শুধু একটি অনুষ্ঠানকে ঘিরে প্রকাশিত সামগ্রী নয়; বরং ইতিহাস সংরক্ষণ ও ভবিষ্যৎ গবেষণার জন্য একটি গুরুত্বপূর্ণ দলিল।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের সদস্যসচিব মাওলানা সানাউল্লাহ খান, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইনজিমামুল ইসলাম ও মুখপাত্র মাওলানা রফিকুল ইসলাম আইনী।

এ সময় দৈনিক নয়া দিগন্তের জ্যেষ্ঠ সহসম্পাদক মাওলানা লিয়াকত আলী, আমন্ত্রিত আলেম, লেখক, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Muktomon/TA