পরিবেশ ও জনস্বাস্থ্যকে পৃথকভাবে দেখার সুযোগ নেই: পরিবেশমন্ত্রী

ইতালির রোমে এফএওর ওয়ান হেলথ বিষয়ক বৈশ্বিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশন
ইতালির রোমে এফএওর ওয়ান হেলথ বিষয়ক বৈশ্বিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশন

নিজস্ব প্রতিবেদক : পরিবেশ, প্রাণী ও জনস্বাস্থ্যকে আলাদা করে দেখার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। মানুষ, প্রাণী, উদ্ভিদ ও বাস্তুতন্ত্রকে সমন্বিতভাবে বিবেচনায় নিয়ে উন্নয়ন ও নীতিনির্ধারণ কার্যক্রম এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

সোমবার (২১ সেপ্টেম্বর) ইতালির রাজধানী রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) সদর দপ্তরে শুরু হওয়া ‘কৃষিখাদ্য ব্যবস্থায় ওয়ান হেলথ কার্যক্রম’ বিষয়ক বৈশ্বিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন পরিবেশমন্ত্রী।

২১ থেকে ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠেয় এ সম্মেলনে তিনি বলেন, কৃষিখাদ্য ব্যবস্থার স্থিতিস্থাপকতা মানুষ, প্রাণী, পরিবেশ ও বাস্তুতন্ত্রের পারস্পরিক সংযুক্ত সুস্থতার ওপর নির্ভরশীল।

পরিবেশমন্ত্রী বলেন, ঘনবসতিপূর্ণ ও নিম্নভূমির গঙ্গা বদ্বীপে অবস্থিত বাংলাদেশ জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্য হ্রাস ও পরিবেশগত বিপর্যয়ের উচ্চ ঝুঁকিতে রয়েছে।

তাঁর মতে, একই ভূদৃশ্যে মানুষ, বাস্তুতন্ত্র ও কৃষিখাদ্য ব্যবস্থা ঘনিষ্ঠভাবে যুক্ত। ফলে একটি খাতে চাপ তৈরি হলে তার প্রভাব দ্রুত অন্য খাতেও ছড়িয়ে পড়ে। এ কারণে পরিবেশ, প্রাণী ও জনস্বাস্থ্যকে বিচ্ছিন্নভাবে বিবেচনা করে কার্যকর সমাধান পাওয়া কঠিন।

তিনি বলেন, প্রায় দুই দশক ধরে বাংলাদেশ ওয়ান হেলথকে শুধু একটি ধারণা হিসেবে নয়, বরং শাসনব্যবস্থার একটি নীতি হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে অংশীদারত্বের কাঠামো গড়ে তুলছে।

আবদুল আউয়াল মিন্টু বলেন, বাংলাদেশের অভিজ্ঞতার আলোকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মধ্যে সমন্বয়, তথ্য বিনিময় ও জবাবদিহি নিশ্চিত করা, ওয়ান হেলথ কাঠামোয় পরিবেশ ও বাস্তুতন্ত্রকে কেন্দ্রীয়ভাবে অন্তর্ভুক্ত করা এবং জেলা ও প্রান্তিক পর্যায়ে সক্ষমতা বাড়ানোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

তিনি বলেন, বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে টেকসই সমন্বয় গড়ে তুলতে পরিকল্পিত প্রাতিষ্ঠানিক ব্যবস্থা প্রয়োজন। বাংলাদেশের জাতীয় ওয়ান হেলথ কাঠামোয় পরিবেশ খাতকে গুরুত্বপূর্ণ অংশীজন হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া একটি উল্লেখযোগ্য অগ্রগতি বলেও তিনি উল্লেখ করেন।

যৌথ পরিকল্পনা ও সম্পদের মাধ্যমে এ অংশীদারত্ব আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, প্রস্তাবিত ওয়ান হেলথ তথ্যকেন্দ্র বিভিন্ন দেশের বাস্তব অভিজ্ঞতা বিনিময়ে কার্যকর ভূমিকা রাখতে পারে।

আগামী নভেম্বরে তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠেয় কপ৩১-এর আগে রোমের এই সম্মেলনকে সময়োপযোগী হিসেবে উল্লেখ করেন পরিবেশমন্ত্রী।

তিনি বলেন, রোমের সম্মেলনে পাওয়া অভিজ্ঞতা কপ৩১-এর আলোচনায় তুলে ধরবে বাংলাদেশ। একই সঙ্গে জলবায়ু ও পরিবেশগত স্বাস্থ্য বিষয়ে আরও সমন্বিত বৈশ্বিক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতেও কাজ করবে দেশটি।

বাংলাদেশের অগ্রগতি ও চ্যালেঞ্জের অভিজ্ঞতা অন্য দেশগুলোর সঙ্গে বিনিময়ের পাশাপাশি অন্যান্য দেশের অভিজ্ঞতা থেকেও শেখার প্রস্তুতির কথা জানান তিনি।

সম্মেলনের আলোচনা যেন বাস্তব কর্মসূচি, প্রয়োজনীয় অর্থায়ন এবং স্থানীয় পর্যায়ের সক্ষমতা বৃদ্ধিতে রূপ নেয়, সে বিষয়েও গুরুত্বারোপ করেন পরিবেশমন্ত্রী।

সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে এফএওর মহাপরিচালক কু দোংইউ, সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গাই পারমেলিন, তানজানিয়ার প্রধানমন্ত্রী মউইগুলু নচেম্বা, সার্বিয়ার প্রধানমন্ত্রী জুরো মাকুতসহ বিভিন্ন দেশের মন্ত্রী, উচ্চপর্যায়ের প্রতিনিধি, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধান ও বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।

Muktomon/TA