মুক্তমন রিপোর্ট : সৌদি আরবের ৯৬তম জাতীয় দিবস উপলক্ষে ঢাকায় সৌদি দূতাবাস আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর বনানীর শেরাটন ঢাকার গ্র্যান্ড বলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের প্রতি অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে একটি চিঠি বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহর হাতে তুলে দেন শফিকুর রহমান।
চিঠিতে বাংলাদেশ ও দেশের জনগণের পক্ষ থেকে সৌদি বাদশাহ, রাজপরিবার, সরকার ও সৌদি জনগণের প্রতি শুভেচ্ছা জানানো হয়। পাশাপাশি মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের সেবা এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে যাওয়া মুসলমানদের হজ ও ওমরাহ পালনে সৌদি আরবের সহযোগিতার বিষয়টি উল্লেখ করা হয়।
চিঠিতে বাংলাদেশ ও সৌদি আরবের সম্পর্ক ধর্মীয়, সাংস্কৃতিক ও জনগণের সঙ্গে জনগণের যোগাযোগের ওপরও প্রতিষ্ঠিত বলে উল্লেখ করা হয়। সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিদের দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ মানবিক সেতুবন্ধন হিসেবেও তুলে ধরা হয়। একই সঙ্গে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হওয়ার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে শফিকুর রহমান বিভিন্ন দেশের কূটনীতিক ও অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ দলটির কয়েকজন কেন্দ্রীয় নেতা উপস্থিত ছিলেন।
Muktomon/TA