মুক্তমন রিপোর্ট : জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে এবার যাত্রীবাহী লঞ্চের ভাড়া বাড়ানো হয়েছে। প্রথম ১০০ কিলোমিটারের মধ্যে প্রতি কিলোমিটারে ২৩ পয়সা এবং ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে প্রতি কিলোমিটারে ২০ পয়সা ভাড়া বাড়ানো হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, যাত্রীবাহী লঞ্চের ভাড়া মোট ৭ দশমিক ৫৪ শতাংশ বাড়ানো হয়েছে। একই সঙ্গে সর্বনিম্ন ভাড়া ৩২ টাকা থেকে বাড়িয়ে ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে দ্বিপক্ষীয় বৈঠক শেষে নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম ভাড়া বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করেন।
নতুন ভাড়া কত
অভ্যন্তরীণ নৌ চলাচল সংস্থার সভাপতি গোলাম নবী আলমগীর জানান, প্রথম ১০০ কিলোমিটারের ক্ষেত্রে লঞ্চের যাত্রীভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৯৫ পয়সা থেকে বাড়িয়ে ৩ টাকা ১৮ পয়সা করা হয়েছে।
অন্যদিকে, ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ৫২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৭২ পয়সা করা হয়েছে।
তিনি বলেন, লঞ্চ মালিকদের পক্ষ থেকে আরও বেশি ভাড়া বাড়ানোর প্রস্তাব ছিল। তবে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নির্ধারিত নতুন ভাড়া তারা মেনে নিয়েছেন।
১৫ শতাংশ বৃদ্ধির দাবি ছিল
নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও ব্যবস্থাপনা ব্যয় বেড়ে যাওয়ায় নৌযান মালিকরা ১৫ শতাংশ ভাড়া বাড়ানোর দাবি জানিয়েছিলেন।
তবে যাত্রীদের বিষয়টি বিবেচনায় নিয়ে ৭ দশমিক ৫৪ শতাংশ ভাড়া বাড়ানো হয়েছে বলে জানান তিনি। একই সঙ্গে সর্বনিম্ন ভাড়া ৩২ টাকা থেকে বাড়িয়ে ৩৫ টাকা করা হয়েছে।
মন্ত্রী বলেন, ভাড়া বাড়ানো কাম্য নয়। তবে বৈশ্বিক পরিস্থিতির কারণে জ্বালানি তেলের দাম বাড়ায় এ সিদ্ধান্ত নিতে হয়েছে। জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় রেখেই ভাড়া যতটা সম্ভব কম বাড়ানোর চেষ্টা করা হয়েছে বলেও জানান তিনি।
বাড়তি ভাড়া আদায় করলে ব্যবস্থা
সিএনজির দাম বাড়েনি উল্লেখ করে নৌপরিবহন মন্ত্রী বলেন, সিএনজিচালিত যানবাহনের ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই।
তিনি বলেন, নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বাসের ভাড়াও বেড়েছে
এর আগে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে বুধবার মহানগর, আন্তঃজেলা ও দূরপাল্লার বাস-মিনিবাসের ভাড়াও প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানো হয়।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রজ্ঞাপনে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৫৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৭০ পয়সা করা হয়েছে।
আন্তঃজেলা ও দূরপাল্লার বাস-মিনিবাসে প্রতি কিলোমিটারের ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৪০ পয়সা করা হয়েছে।
এ ছাড়া ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর মিনিবাস এবং ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) আওতাধীন জেলাগুলোতে চলাচলকারী বাস-মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৪৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৬০ পয়সা নির্ধারণ করা হয়েছে।
ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাসের সর্বনিম্ন ভাড়া ১০ টাকা এবং মিনিবাসের সর্বনিম্ন ভাড়া ৮ টাকা নির্ধারণ করা হয়েছে।