বিয়ে শেষে বাড়ি ফেরা হলো না, কর্ণফুলীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

কর্ণফুলীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় মাইক্রোবাসের চার যাত্রী নিহত
কর্ণফুলীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় মাইক্রোবাসের চার যাত্রী নিহত

মুক্তমন রিপোর্ট : চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় মাইক্রোবাসের চার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। নিহতদের মধ্যে একই পরিবারের তিনজন সদস্য রয়েছেন।

শনিবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার শিকলবাহা চৌমুহনী এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কক্সবাজারের ঈদগাহ এলাকার বাসিন্দা নিয়াজ মোর্শেদ (২২), তাঁর ছোট বোন মিমতাহ (১৭), তাদের মামা মো. ফেরদৌস আলম (৫৫) এবং মাইক্রোবাসের চালক মো. মুন্না।

বিয়ে শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা

নিহত ফেরদৌস আলমের আত্মীয় মো. ওমর ফারুক জানান, শনিবার রাতে চট্টগ্রাম নগরের আগ্রাবাদের একটি কমিউনিটি সেন্টারে মিমতাহর বড় বোনের বিয়ের অনুষ্ঠান ছিল।

অনুষ্ঠান শেষে পরিবারের কয়েকজন সদস্য ও আত্মীয়স্বজন একটি মাইক্রোবাসে করে কক্সবাজারের ঈদগাহ এলাকায় বাড়ি ফিরছিলেন। পথে শিকলবাহা এলাকায় মাইক্রোবাসটি দুর্ঘটনার কবলে পড়ে।

ইউটার্ন নেওয়ার সময় ধাক্কা

পুলিশ জানায়, শিকলবাহা এলাকা অতিক্রম করার সময় একটি কাভার্ড ভ্যান ইউটার্ন নেওয়ার সময় মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই ফেরদৌস আলম ও মিমতাহ নিহত হন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আরও দুজনকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে ভর্তি ৭, অবস্থাও আশঙ্কাজনক

দুর্ঘটনায় আহত সাতজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজনের পাশাপাশি ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উদ্ধারকাজে অংশ নেন।

কাভার্ড ভ্যান জব্দ, চালক-সহকারী পলাতক

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ চারজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। তবে এর চালক ও সহকারী পালিয়ে গেছেন। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।