মুক্তমন রিপোর্ট : ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি খুশি মনে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেননি বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক ওপেনার ওয়াসিম জাফর। তাঁর দাবি, তিক্ততা নিয়েই লাল বলের ক্রিকেটকে বিদায় জানিয়েছেন কোহলি। এ সিদ্ধান্তের প্রক্রিয়া আরও ভালোভাবে সামলানো যেত বলেও মনে করেন তিনি।
নিজের ইউটিউব চ্যানেলে কোহলির অবসর নিয়ে কথা বলতে গিয়ে জাফর বলেন, তাঁর ধারণা, কোহলি একেবারেই খুশি ছিলেন না। তিক্ততা নিয়েই টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।
কোহলির মতো তারকা ক্রিকেটারকে আরও কয়েক বছর টেস্টে খেলতে দেখা যেতে পারত বলে মনে করেন জাফর। তাঁর মতে, কোহলির জনপ্রিয়তা অসাধারণ এবং তাঁকে খেলতে দেখতেই অনেক দর্শক স্টেডিয়ামে আসেন। তবে অবসরের প্রকৃত কারণ জানতে কোহলির নিজের বক্তব্যের অপেক্ষা করতে হবে।
গত বছর টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন কোহলি। তাঁর সেই সিদ্ধান্তের সময় নিয়েও প্রশ্ন তুলেছেন জাফর। তিনি জানান, ইংল্যান্ড সফরের প্রস্তুতির অংশ হিসেবে কোহলি দিল্লির হয়ে রঞ্জি ট্রফিতে খেলেছিলেন। কিন্তু এপ্রিল মাসে পরিস্থিতি বদলে যায়।
জাফরের দাবি, ভারতীয় দলের ম্যানেজমেন্ট তরুণ ক্রিকেটারদের ভবিষ্যৎ পরিকল্পনার কথা কোহলিকে জানিয়েছিল। এরপরই টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন এই ব্যাটার।
ইংল্যান্ড সিরিজের প্রস্তুতি নেওয়ার পরও কেন কোহলি অবসরের সিদ্ধান্ত নিলেন, সেই প্রশ্ন তুলে জাফর বলেন, তাঁর মতো ক্রিকেটারের অবসর ঘোষণার বিষয়টি আরও ভালোভাবে সামলানো সম্ভব ছিল। তাঁর মতে, দলের ম্যানেজমেন্ট এ ক্ষেত্রে তাড়াহুড়ো করেছে।
তবে কোহলির অবসরের পেছনে ঠিক কী কারণ ছিল, তা নিশ্চিত করে বলেননি জাফর। তাঁর মতে, এ বিষয়ে কোহলি নিজে মুখ খুললেই প্রকৃত কারণ জানা সম্ভব হবে।
Muktomon/TA