আসিয়ান কাপের আগে বাংলাদেশ স্কোয়াড থেকে বাদ ৬ ফুটবলার

আসিয়ান কাপের প্রস্তুতিতে অনুশীলন করছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল
আসিয়ান কাপের প্রস্তুতিতে অনুশীলন করছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল

মুক্তমন রিপোর্ট : ইন্দোনেশিয়ায় অনুষ্ঠেয় ফিফা আসিয়ান কাপকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রস্তুতি চলছে। এরই মধ্যে প্রাথমিক স্কোয়াড থেকে ছয় ফুটবলারকে বাদ দিয়েছেন প্রধান কোচ থমাস ডুলি।

ঘরোয়া লিগে খেলা ২৮ ফুটবলারকে নিয়ে প্রাথমিক অনুশীলন শুরু করেছিলেন ডুলি। পরবর্তীতে কয়েকজন প্রবাসী ফুটবলারকেও অনুশীলনে যুক্ত করা হয়। কয়েক দিনের অনুশীলন শেষে দলটি ধাপে ধাপে ছোট করছেন কোচ।

জাতীয় দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু জানান, ইয়াসির তাহমিদ, দেবজিত সরকার, ইসা ফয়সাল, কাজেম শাহ, তাজ উদ্দিন ও রাহুলকে প্রাথমিক স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে। আজকের অনুশীলনের পর আরও একজন ফুটবলারকে বাদ দেওয়া হবে বলেও জানান তিনি।

তবে আসন্ন আসিয়ান কাপে বাংলাদেশ কতজনের চূড়ান্ত দল নিয়ে ইন্দোনেশিয়া যাবে, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত জানানো হয়নি।

বাদ পড়া ফুটবলারদের মধ্যে ইসা ফয়সাল জাতীয় দলের পরীক্ষিত ফুলব্যাক। সাবেক কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার সময়ে দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকার পর থমাস ডুলির অধীনে সান মারিনোর বিপক্ষে ম্যাচে জাতীয় দলের একাদশে ফিরেছিলেন তিনি। তবে আসিয়ান কাপের চূড়ান্ত স্কোয়াডে জায়গা হয়নি তার।

সান মারিনো সফরে জাতীয় দলের সঙ্গে থাকা মিডফিল্ডার কাজেম শাহ ও তাজ উদ্দিনও এবারের দলে জায়গা ধরে রাখতে পারেননি।

অন্যদিকে প্রবাসী ফুটবলার ইয়াসির তাহমিদ ও দেবজিত সরকার জাতীয় দলের সঙ্গে অনুশীলনের সুযোগ পেলেও কোচের প্রত্যাশা অনুযায়ী নিজেদের প্রমাণ করতে পারেননি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে আমেরিকান প্রবাসী গোলরক্ষক সাইফ এখন পর্যন্ত অনুশীলনে ভালো পারফরম্যান্স করছেন।

ইতোমধ্যে কাজেম শাহ, ইসা ফয়সাল ও তাজ উদ্দিন হোটেল ছেড়েছেন। রাহুল এখনও দলের হোটেলে অবস্থান করছেন। তবে ফুটবলারদের বাদ দেওয়ার নির্দিষ্ট কারণ কোচ বা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

আগামী ২৫ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার জাকার্তায় শুরু হবে আসিয়ান কাপ। টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশ দল ১৯ সেপ্টেম্বর দেশ ছাড়ার কথা রয়েছে। এর আগে আগামীকাল ঢাকায় ফর্টিজ এফসির বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে জাতীয় দল।