প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর

মুক্তমন রিপোর্ট : প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা উড়িয়ে দেওয়া হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, উপযুক্ত পরিবেশ ও সঠিক দ্বিপক্ষীয় কাঠামোর মধ্যে সফরটি হতে পারে।

সোমবার (৫ অক্টোবর) ঢাকায় আয়োজিত বে অব বেঙ্গল কনভারসেশনের এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। বিষয়টি নিয়ে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে আলোচনা চলছে বলেও জানান তিনি।

হুমায়ুন কবির বলেন, দুই দেশের সম্পর্ক বজায় রাখতে দ্বিপক্ষীয় যোগাযোগ প্রয়োজন। তবে প্রধানমন্ত্রীর ভারত সফরের নির্দিষ্ট সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি। প্রয়োজনীয় পরিবেশ তৈরি হলে উচ্চপর্যায়ের এ সফর অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বাংলাদেশ-ভারত সম্পর্কের বিভিন্ন চ্যালেঞ্জের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, সংলাপের মাধ্যমে এসব সমস্যা সমাধান করা সম্ভব। তিনি ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর ভূমিকারও প্রশংসা করেন এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে তাঁর মূল্যায়নকে নয়াদিল্লি গুরুত্ব দেবে বলে আশা প্রকাশ করেন।

সম্প্রতি প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা নতুন করে সামনে এসেছে। এর আগে আগস্টে সম্ভাব্য সফর নিয়ে দুই দেশের মধ্যে যোগাযোগ হলেও তা বাস্তবায়িত হয়নি। সেপ্টেম্বরে ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’ জানায়, নভেম্বরের দ্বিতীয়ার্ধে সফরের সম্ভাব্য সময় নিয়ে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে আলোচনা চলছে। তবে সে সময়ও কোনো তারিখ চূড়ান্ত হয়নি।

হুমায়ুন কবির বলেন, বাংলাদেশ কূটনীতিতে সংলাপের পথ খোলা রাখে এবং জাতীয় স্বার্থ অক্ষুণ্ন রেখে বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায়। ভারতকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবেও উল্লেখ করেন তিনি।

Muktomon/TA