খেলার মাঠ থেকেই জাতীয় নেতৃত্ব তৈরি হোক: সেলিম উদ্দিন

ক্রীড়া সংগঠকদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন মোহাম্মদ সেলিম উদ্দিন
ক্রীড়া সংগঠকদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন মোহাম্মদ সেলিম উদ্দিন

নিজস্ব প্রতিবেদক : খেলার মাঠকে শুধু খেলাধুলার স্থান নয়, সুস্থ প্রজন্ম গঠন, সভ্যতা-সংস্কৃতির বিকাশ এবং আগামী দিনের জাতীয় নেতৃত্ব তৈরির কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন নগর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।

তিনি বলেন, “রাষ্ট্রের বিভিন্ন সেক্টরে তরুণদের নেতৃত্ব বিকাশে আমরা কাজ করে যাচ্ছি। খেলার মাঠ থেকে শুধু ভালো খেলোয়াড় নয়, আগামী দিনের যোগ্য জাতীয় নেতৃত্বও তৈরি হোক—আমরা সেই লক্ষ্যেই কাজ করতে চাই।”

শনিবার (১২ সেপ্টেম্বর) শেওড়াপাড়ার সাত সতেরো রেস্টুরেন্টে নগর উন্নয়ন ফোরাম, ঢাকা উত্তর সিটির আয়োজনে ক্রীড়া সংগঠকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন রিভাইবার স্পোর্টিং ক্লাব লিমিটেডের সভাপতি মুহাম্মদ ইয়াছিন আরাফাত। অনুষ্ঠান পরিচালনা করেন ক্লাবটির সেক্রেটারি ড. মোস্তফা ফয়সাল পারভেজ।

সেলিম উদ্দিন বলেন, খেলার মাঠকে আগামী দিনের সুস্থ প্রজন্ম গড়ে তোলার বিনিয়োগের জায়গা হিসেবে দেখতে হবে। খেলাধুলার মাধ্যমে তরুণদের মধ্যে সহনশীলতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশের পাশাপাশি মাঠ থেকেই জাতীয় নেতৃত্ব তৈরি করার ওপর গুরুত্ব দেন তিনি।

তিনি আরও বলেন, খেলাধুলায় অংশ নেওয়া তরুণদের ভবিষ্যৎ শুধু ক্রীড়াঙ্গনেই সীমাবদ্ধ থাকা উচিত নয়। তাদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে। খেলাধুলায় দক্ষতা ও নৈপুণ্য দেখানো তরুণরা যেন ভবিষ্যতে রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার সুযোগ পান, সে জন্য প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করা প্রয়োজন।

বাংলাদেশকে সঠিক নেতৃত্বের মাধ্যমে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড় করানোর প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, খেলার মাঠ থেকেও যোগ্য নেতৃত্ব উঠে আসুক—এটাই প্রত্যাশা।

বিশ্বের বিভিন্ন দেশে ক্রীড়াবিদদের পরবর্তী সময়ে রাষ্ট্রীয় নেতৃত্বে ভূমিকা রাখার উদাহরণ তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশেও খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত মেধাবী ও যোগ্য ব্যক্তিদের জাতীয় পর্যায়ের নেতৃত্বে আসার সুযোগ তৈরি করা উচিত।

পরিবেশবান্ধব উদ্যোগের প্রসঙ্গে সেলিম উদ্দিন বলেন, বর্জ্য পুনর্ব্যবহারের মাধ্যমে পরিবেশবান্ধব কলম তৈরির উদ্যোগ প্রমাণ করে, ভালো কাজের জন্য সবসময় সরকারের দায়িত্ব নেওয়ার প্রয়োজন নেই। বেসরকারি উদ্যোগ থেকেও জনকল্যাণমূলক ও পরিবেশবান্ধব পরিবর্তন আনা সম্ভব।

ঢাকার ভবিষ্যৎ উন্নয়ন প্রসঙ্গে তিনি দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং তরুণদের নেতৃত্ব বিকাশের ওপর গুরুত্ব দেন। এসব উদ্যোগের মাধ্যমে আধুনিক ও সমৃদ্ধ নগর গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সভায় দীর্ঘ দূরত্বের দৌড়বিদ ও ম্যারাথনার অজয় কুমার নন্দী, জাতীয় ও আন্তর্জাতিক ভলিবল কোচ খন্দকার মাহবুবুর রশিদ দালু, সাবেক জাতীয় ফুটবলার আব্দুর রাজ্জাক, আন্তর্জাতিক সাঁতার প্রশিক্ষক ও সাফ গেমসে স্বর্ণপদকজয়ী মো. শাহজাহান আলী, মাহফুজা খাতুনসহ ক্রীড়া অঙ্গনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Muktomon/TA