নিজেদের শর্তে আন্তর্জাতিক অঙ্গনে এগোতে চায় বাংলাদেশ: শামা ওবায়েদ

বে অব বেঙ্গল কনভারসেশনে বক্তব্য রাখছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম
বে অব বেঙ্গল কনভারসেশনে বক্তব্য রাখছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম

মুক্তমন রিপোর্ট : বাংলাদেশ অন্য কোনো দেশের বা খেলোয়াড়ের স্বার্থে ব্যবহৃত হওয়ার বদলে নিজেদের শর্তে আন্তর্জাতিক অঙ্গনে এগিয়ে যেতে চায় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

শনিবার (৩ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত পঞ্চম ‘বে অব বেঙ্গল কনভারসেশন’-এর ‘নতুন করে লেখা এক বিশ্ব’ শীর্ষক অধিবেশনে তিনি এ কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, বাংলাদেশ এখন এমন একটি অবস্থানে রয়েছে, যেখানে তারা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। অন্য খেলোয়াড়দের খেলার জন্য বাংলাদেশকে দাবার বোর্ড হতে দিতে চান না তারা; বরং নিজেদের শর্তে এগিয়ে যেতে চান।

তিনি বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে আলোচনা, সহযোগিতা ও অংশীদারত্বে প্রস্তুত। তবে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে জনগণের স্বার্থই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

উপসাগরীয় যুদ্ধের মতো পরিস্থিতিতে বাংলাদেশের সামনে অপ্রত্যাশিত জ্বালানি সংকট এবং উপসাগরীয় দেশগুলোতে বসবাস ও কর্মরত বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশিকে ঘিরে দুটি বড় চ্যালেঞ্জ তৈরি হয়েছিল বলেও জানান প্রতিমন্ত্রী।

জ্বালানি নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ নতুন উৎস ও ক্ষেত্র খুঁজছে। দেশের নিজস্ব গ্যাস ও এলএনজি উৎসের অনুসন্ধান এবং সৌরবিদ্যুতের দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, এক দশকের বেশি সময় ধরে বাংলাদেশ রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিয়ে আসছে। এর ফলে অর্থনীতির ওপর চাপ তৈরি হলেও মানবিক দৃষ্টিকোণ থেকে বাংলাদেশ সহযোগিতামূলক অবস্থান বজায় রেখেছে। একই সঙ্গে অংশীদার, বন্ধু ও উন্নয়ন সহযোগীদের সঙ্গে আলোচনা করে রোহিঙ্গাদের সম্মানজনক, নিরাপদ ও সুশৃঙ্খল প্রত্যাবাসনের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার চেষ্টা চলছে বলে জানান তিনি।

‘নতুন করে গড়ে ওঠা এক বিশ্বে ক্ষমতা, প্রযুক্তি ও আস্থার পথচলা’ প্রতিপাদ্যে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত তিন দিনব্যাপী ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’ শনিবার শুরু হয়েছে। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্য দেন।

Muktomon/TA