মুক্তমন রিপোর্টার : নয় মাস সমুদ্রে থাকার পর পাঁচ দিনের বিশ্রাম ও বিনোদনের জন্য থাইল্যান্ডে পোর্ট কল শেষে রোববার দেশটি ছেড়েছে মার্কিন পারমাণবিকচালিত বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন।
এএফপির সাংবাদিকেরা জানান, প্রায় ৫ হাজার নাবিক ও মেরিন সদস্য নিয়ে রণতরীটি বুধবার ব্যাংককের কাছে পর্যটন শহর পাতায়ার উত্তরে লায়েম চাবাং বন্দরে পৌঁছায়। রোববার স্থানীয় সময় সকাল ১১টার দিকে (জিএমটি ০৪:০০) এটি বন্দর ছেড়ে যায়।
থাইল্যান্ডে মার্কিন নৌবাহিনীর এই পোর্ট কলটি ছিল দীর্ঘ মধ্যপ্রাচ্য মোতায়েনের পর প্রথম। জাহাজটির সদস্যদের আগমন পর্যটন মৌসুমের নিম্ন সময়ে থাকা পাতায়ার ব্যবসায়ীদের মধ্যে আশাবাদ তৈরি করেছিল। শহরটি সৈকত ও রাতের বিনোদনের জন্য পরিচিত হলেও যৌন পর্যটনের কেন্দ্র হিসেবে এর বিতর্কিত খ্যাতিও রয়েছে।
মার্কিন নাবিকদের আগমন ঘিরে সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পাতায়ায় নিরাপত্তা জোরদার করা হয়। নাবিকদের আসার আগে যৌনকর্মীদের বিরুদ্ধেও অভিযান চালায় স্থানীয় কর্তৃপক্ষ। তবে এর সঙ্গে মার্কিন নাবিকদের সফরের কোনো সম্পর্ক নেই বলে দাবি করেন শহরের মেয়র।
পাতায়া পুলিশের প্রধান আনেক স্রাথংইউ রোববার বলেন, পোর্ট কল মোটের ওপর কোনো বড় ঘটনা ছাড়াই শেষ হয়েছে।
তিনি এএফপিকে বলেন, “সবকিছু ভালোভাবেই হয়েছে।” প্রথম দিন কয়েকজন মার্কিন নাগরিকের নিজেদের মধ্যে তর্ক ছাড়া কোনো গ্রেপ্তার বা বড় ধরনের ঝামেলার ঘটনা ঘটেনি বলেও জানান তিনি।
এর আগে বৃহস্পতিবার ভোরে পাতায়ার বিখ্যাত ওয়াকিং স্ট্রিট এলাকায় মদ্যপ অবস্থায় ঝগড়ায় জড়িয়ে পড়া দুই মার্কিন নাবিককে জাহাজে ফিরিয়ে পাঠানো হয়। পুলিশ প্রধান ঘটনাটিকে ছোটখাটো সংঘর্ষ হিসেবে বর্ণনা করে জানিয়েছিলেন, পরিস্থিতি যাতে আরও খারাপ না হয়, সে জন্য স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দিয়েছিলেন।
গত মাসে মার্কিন ডেমোক্র্যাট আইনপ্রণেতারা ইউএসএস আব্রাহাম লিংকনের জীবনযাত্রার পরিস্থিতি নিয়ে তদন্তের দাবি জানান। জাহাজটিতে খাবারের সংকট, নষ্ট প্লাম্বিং ব্যবস্থা এবং মানসিক স্বাস্থ্যসংক্রান্ত সংকটের খবর প্রকাশের পর এ দাবি ওঠে।
ইরান যুদ্ধ দীর্ঘায়িত করার বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সমালোচনার মধ্যেই এসব অভিযোগ সামনে আসে। ট্রাম্প অবশ্য উদ্বেগগুলো নাকচ করেছেন। পরে মধ্যপ্রাচ্যে লিংকনের স্থলাভিষিক্ত হয় ইউএসএস জর্জ ওয়াশিংটন।
পাতায়ার মেয়র পরামাসে এনগামপিচেস জানান, সফরকালে মার্কিন নাবিকেরা স্থানীয়ভাবে আনুমানিক ১০ কোটি থাই বাত বা প্রায় ৩০ লাখ ডলার ব্যয় করেছেন।
এ ছাড়া জাহাজে টুথপেস্টসহ অন্যান্য সরবরাহ বিক্রি থেকেও শহরটি কয়েক মিলিয়ন বাতের ব্যবসা করেছে বলে জানান তিনি। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছিল, মোতায়েনের কিছু সময়ে লিংকনের নাবিকদের টুথপেস্ট, ডিওডোরেন্ট ও সাবানের মতো মৌলিক সামগ্রীর সংকট দেখা দিয়েছিল।
মেয়র জানান, অনেক নাবিক ও মেরিন সদস্য থাইল্যান্ডের উপকূলে কেনাকাটা এবং বিভিন্ন পর্যটনকেন্দ্র ঘুরে সময় কাটিয়েছেন। তাঁর ভাষায়, এতে বোঝা যায় তারা পরিবারকে মিস করছেন এবং পরিবারের সদস্যদের জন্য স্মারক কিনতে চাচ্ছেন।