মুক্তমন রিপোর্ট : ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠেয় ১৪ দলের এই বিশ্বকাপ শুরু হবে আগামী বছরের ২ অক্টোবর। ফাইনাল হবে ২১ নভেম্বর।
টুর্নামেন্টে মোট ৫৭টি ম্যাচ অনুষ্ঠিত হবে। শুরুতে হবে তিন দলের ‘সুপার সিরিজ’। ২, ৪ ও ৬ অক্টোবর নামিবিয়ার উইন্ডহোকে হবে এ পর্বের তিনটি ম্যাচ। বিজয়ী দল মূল গ্রুপ পর্বে জায়গা করে নেবে।
মূল পর্বে ১২ দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, অস্ট্রেলিয়া, পাকিস্তান, আফগানিস্তান, জিম্বাবুয়ে ও কোয়ালিফায়ার ‘এ’। ‘বি’ গ্রুপে রয়েছে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, বাংলাদেশ ও কোয়ালিফায়ার ‘বি’।
৭ অক্টোবর কেপটাউনে অস্ট্রেলিয়া ও ভারতের ম্যাচ দিয়ে শুরু হবে গ্রুপ পর্ব। বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শুরু হবে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে। গ্রুপ পর্বে বাংলাদেশের বাকি প্রতিপক্ষ নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও কোয়ালিফায়ার ‘বি’ থেকে আসা দল। ফলে গ্রুপ পর্বে বাংলাদেশ মোট পাঁচটি ম্যাচ খেলবে।
এদিকে টুর্নামেন্টের অন্যতম আকর্ষণ ভারত-পাকিস্তান ম্যাচ। ১০ অক্টোবর জোহানেসবার্গে মুখোমুখি হবে দুই দল।
গ্রুপ পর্ব শেষে দুই গ্রুপের শীর্ষ তিনটি করে দল ‘সুপার ৭’ পর্বে উঠবে। দুই গ্রুপের চতুর্থ দলগুলোর মধ্যে পয়েন্টে এগিয়ে থাকা দলটিও এই পর্বে জায়গা পাবে। এরপর সাত দল একে অপরের বিপক্ষে খেলবে। সেখান থেকে পয়েন্ট তালিকার শীর্ষ চার দল সেমিফাইনালে উঠবে।
বিশ্বকাপের ১২টি ভেন্যুর মধ্যে দক্ষিণ আফ্রিকায় আটটি, জিম্বাবুয়েতে তিনটি এবং নামিবিয়ায় একটি ভেন্যু রাখা হয়েছে। আফ্রিকার মাটিতে ২৪ বছর পর ফিরছে পুরুষদের ওয়ানডে বিশ্বকাপ।
Muktomon/TA