১৫ তরুণ পাচ্ছেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড, অনুদান ৪৩২ সংগঠনকে

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ও যুব সংগঠনের অনুদান ঘোষণা
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ও যুব সংগঠনের অনুদান ঘোষণা

মুক্তমন রিপোর্ট : সামাজিক ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে দেশের ১৫ জন তরুণ-তরুণীকে ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬’ দেওয়া হচ্ছে। পাশাপাশি নিবন্ধিত ৪৩২টি যুব সংগঠনকে মোট ৩ কোটি ৫৭ লাখ টাকার প্রকল্পভিত্তিক অনুদান দেওয়া হবে।

আগামী ১৭ অক্টোবর (শনিবার) সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার ও অনুদানের চেক বিতরণ করবেন প্রধানমন্ত্রী। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

প্রেস ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী বলেন, জাতি গঠনে তরুণ সমাজ দেশের প্রধান চালিকাশক্তি। তরুণদের উদ্যম, সমাজসেবা ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে উৎসাহ দিতে যুবকল্যাণ তহবিল ব্যবস্থাপনা বোর্ডের অধীনে স্থায়ীভাবে ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ চালু করা হয়েছে। পাশাপাশি যুবসমাজকে আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে প্রতিবছর নিবন্ধিত যুব সংগঠনগুলোকে প্রকল্পভিত্তিক অনুদান দেওয়া হয়।

তিনি জানান, আত্মকর্মসংস্থান, ক্রীড়া, সমাজসেবা, বিজ্ঞান ও প্রযুক্তি, নারী ও শিশু উন্নয়ন, শিক্ষা, পরিবেশ ও জলবায়ু এবং কলা ও সংস্কৃতি—এই আটটি বিভাগে নির্বাচিত ১৫ জন তরুণ-তরুণীকে পুরস্কার দেওয়া হচ্ছে। প্রতিটি পুরস্কারের সঙ্গে ১ লাখ টাকার নগদ অর্থ বা প্রাইজবন্ড, সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হবে।

এ ছাড়া জেলা ও উপজেলা পর্যায়ে নিবন্ধিত ৪৩২টি যুব সংগঠনের জন্য মোট ৩ কোটি ৫৭ লাখ টাকার অনুদান চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে জেলা পর্যায়ের শ্রেষ্ঠ সংগঠন পাবে ১ লাখ টাকা এবং উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠ সংগঠন পাবে ৭৫ হাজার টাকা। বিশেষ ক্যাটাগরির সেরা ২০টি যুব সংগঠন সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত অনুদান পাবে।

প্রতিমন্ত্রী বলেন, জেলা প্রশাসকদের নেতৃত্বাধীন কমিটির সুপারিশ এবং যুবকল্যাণ তহবিল বোর্ডের চূড়ান্ত মূল্যায়নের ভিত্তিতে বিজয়ী তরুণ-তরুণী ও সংগঠন নির্বাচন করা হয়েছে।

তিনি আরও জানান, মূল অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের বিভিন্ন জেলার জেলা প্রশাসকেরা যুক্ত থাকবেন। কেন্দ্রীয় অনুষ্ঠানে চেক হস্তান্তরের পাশাপাশি স্থানীয় পর্যায়ে বাকি ৪২৯টি সংগঠনের হাতে চেক তুলে দেওয়া হবে। স্বচ্ছতা নিশ্চিত করতে ১৭ অক্টোবর প্রধানমন্ত্রী চেক হস্তান্তরের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর অনুদানের অর্থ সরাসরি সংশ্লিষ্ট সংগঠনগুলোর ব্যাংক হিসাবে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে পাঠানো হবে।

সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

Muktomon/TA