মুক্তমন রিপোর্ট : মেধাবী, দক্ষ ও নৈতিক তরুণদের নেতৃত্বেই একটি বৈষম্যহীন, মানবিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র গড়ে উঠবে বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য সাঈদ আল নোমান।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অডিটোরিয়ামে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে এসএসসি ও সমমান পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পাওয়া চার শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।
কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে সাঈদ আল নোমান বলেন, শিক্ষার্থীদের সাফল্যের পেছনে বাবা-মা ও শিক্ষকদের দীর্ঘদিনের পরিশ্রম, ত্যাগ ও ভালোবাসা রয়েছে। ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জনের জন্য অধ্যবসায়, সততা ও নৈতিকতার সঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
দেশের ভবিষ্যৎ ও রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, রাষ্ট্র ও সমাজের প্রতিটি স্তরে জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন। তাঁর মতে, নেতৃত্ব কোনো ক্ষমতা বা রাজকীয় পদ নয়; এটি জনগণের সেবা করার দায়িত্ব। তরুণদের রাজনীতি ও রাষ্ট্রব্যবস্থা সম্পর্কে সচেতন নাগরিক হিসেবে নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান তিনি।
প্রযুক্তির গুরুত্ব তুলে ধরে সাঈদ আল নোমান বলেন, বর্তমান বিশ্বে প্রযুক্তিকে উপেক্ষা করে এগিয়ে যাওয়া সম্ভব নয়। তবে প্রযুক্তির পাশাপাশি মেধা, জ্ঞান ও শিক্ষাকেও সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। নতুন চিন্তা, উদ্ভাবন ও সৃজনশীলতার মাধ্যমে তরুণদের দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, দীর্ঘদিনের স্থবিরতা ও মেধার অবমূল্যায়ন দূর করে তরুণ প্রজন্মকে সততা, যোগ্যতা ও মেধার ভিত্তিতে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। এমন একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে ধনী-গরিব নির্বিশেষে সবার স্বাস্থ্যসেবা ও মৌলিক অধিকার নিশ্চিত হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির শ্রমবিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এ এম নাজিমুদ্দিন।
এ সময় প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এস এম নছরুল কদির, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ নাজিম উদ্দিন, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ লুৎফুর রহমান এবং ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ছিদ্দিক আহমদ চৌধুরীসহ শিক্ষাবিদ ও রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।