মুক্তমন রিপোর্ট : গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা-কর্মীরা। এ ঘটনার প্রতিবাদে একই এলাকায় পাল্টা মিছিল করেছে কালিয়াকৈর পৌর যুবদলের নেতা-কর্মীরা।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে কালিয়াকৈর পৌরসভার পল্লীবিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আচমকা ব্যানার ও ফেস্টুন হাতে মিছিল বের করেন যুবলীগের সমর্থকরা।
মিছিলে নেতৃত্ব দেন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সাবেক যুবলীগ নেতা খাত্তাব মোল্লা। মিছিলটি প্রায় পাঁচ মিনিট স্থায়ী হওয়ার পর নেতা-কর্মীরা সড়ক থেকে সরে গিয়ে ছত্রভঙ্গ হয়ে যান।
এদিকে যুবলীগের মিছিলের প্রতিবাদে একই এলাকায় মিছিল বের করেন কালিয়াকৈর পৌর যুবদলের শতাধিক নেতা-কর্মী।
কালিয়াকৈর পৌর যুবদলের সদস্য সচিব আমজাদ হোসেন বলেন, কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের কিছু নেতা-কর্মী সড়কে এসে মিছিল করেছেন। তাদের হুঁশিয়ারি দিয়ে যুবদলের নেতা-কর্মীরা প্রতিবাদ মিছিল করেছেন।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বলেন, “পল্লীবিদ্যুৎ এলাকায় আওয়ামী লীগ মিছিলের চেষ্টা করেছে। আমরা যাওয়ার আগেই তারা পালিয়ে গেছে। বিএনপি প্রতিবাদ করতেই পারে। আমাদের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”