স্পোর্টস ডেস্ক : ইংলিশ ক্লাব ফুলহ্যাম এফসির একাডেমির ২০২৬ সালের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাংলাদেশের তরুণ উইঙ্গার ফারহান আলী ওয়াহিদ। একাডেমির বর্ষসেরা খেলোয়াড় হিসেবে তিনি জিতেছেন ‘জনি হেইন্স ট্রফি’।
ফুলহ্যাম এফসি নিজেদের ওয়েবসাইটে ফারহানের পুরস্কার জয়ের বিষয়টি নিশ্চিত করেছে। সতীর্থদের ভোটে এই পুরস্কার পেয়েছেন তিনি।
পুরস্কার গ্রহণের সময় নিজের অনুভূতি জানিয়ে ফারহান বলেন, সতীর্থদের ভোটে এই স্বীকৃতি পাওয়া তাঁর জন্য বিশেষ তৃপ্তির। গত মৌসুমে ভালো ও কঠিন—দুই ধরনের অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সতীর্থদের সহযোগিতা ছাড়া এই অর্জন সম্ভব হতো না।
গত মৌসুমে ফুলহ্যামের হয়ে দারুণ পারফরম্যান্স করেন ১৯ বছর বয়সী এই ফুটবলার। প্রিমিয়ার লিগ-২-এ ২১ ম্যাচে ১৭টি গোল ও অ্যাসিস্ট করেন তিনি। তাঁর পারফরম্যান্সে ফুলহ্যামের ইয়ং হোয়াইটরা লিগে চতুর্থ স্থান অর্জন করে।
এ ছাড়া গত বছরের নভেম্বরে প্রিমিয়ার লিগ-২-এর প্লেয়ার অব দ্য মান্থ পুরস্কারও জিতেছিলেন ফারহান। মৌসুমের সেরা খেলোয়াড়ের পুরস্কারের জন্যও মনোনীত হয়েছিলেন তিনি।
বাংলাদেশ দলের জার্সিতে অভিষেক ও গোল
ক্লাব ফুটবলে সাফল্যের পর সম্প্রতি বাংলাদেশ জাতীয় দলের হয়েও অভিষেক হয়েছে ফারহানের। আসিয়ান কাপে মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে জাতীয় দলে অভিষেক করেন তিনি।
এরপর ইন্দোনেশিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচেই জাতীয় দলের হয়ে নিজের প্রথম গোলের দেখা পান এই তরুণ উইঙ্গার। প্রায় ৫০ হাজার দর্শকের সামনে গোল করার অভিজ্ঞতাকে বিশেষ বলে উল্লেখ করেন ফারহান।
বাংলাদেশের হয়ে খেলতে পারাকে নিজের ও পরিবারের জন্য গর্বের মুহূর্ত হিসেবে উল্লেখ করে ফারহান বলেন, দেশের প্রতিনিধিত্ব করা তাঁর জন্য দারুণ অভিজ্ঞতা এবং গোল করে দলকে অবদান রাখতে পেরে তিনি আনন্দিত।
ফুলহ্যামের হয়ে নিজের প্রিয় মুহূর্তের কথা বলতে গিয়ে