বিমানের বহরে যুক্ত হচ্ছে আরও ১১ বোয়িং উড়োজাহাজ

বোয়িং থেকে আরও ১১টি উড়োজাহাজ সংগ্রহে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চুক্তি স্বাক্ষর
বোয়িং থেকে আরও ১১টি উড়োজাহাজ সংগ্রহে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চুক্তি স্বাক্ষর

মুক্তমন রিপোর্ট : বহর আধুনিকায়ন ও আন্তর্জাতিক নেটওয়ার্ক সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে আরও ১১টি উড়োজাহাজ সংগ্রহের জন্য সম্পূরক চুক্তি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। নতুন অর্ডারে পাঁচটি ৭৮৭-১০ ড্রিমলাইনার ও ছয়টি ৭৩৭-৮ উড়োজাহাজ রয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে আয়োজিত এক অনুষ্ঠানে চুক্তিটি সই হয়। বিমানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান রুমী এ হোসেন এবং বোয়িংয়ের কমার্শিয়াল সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ব্র্যাড ম্যাকমুলেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির, ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্‌দী আমিনসহ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

বোয়িং জানিয়েছে, চলতি বছর বিমানের এটি দ্বিতীয় ক্রয়াদেশ। এর আগে ১৪টি বোয়িং উড়োজাহাজ কেনার চুক্তি হয়েছিল। নতুন ১১টি যুক্ত হলে বোয়িংয়ের ৭৮৭ ড্রিমলাইনার ও ৭৩৭ ম্যাক্স পরিবারের উড়োজাহাজের জন্য বিমানের মোট অর্ডার ২৫টিতে দাঁড়াবে।

বিমানের চেয়ারম্যান রুমী এ হোসেন বলেন, নতুন সম্পূরক চুক্তি বিমানের বহর আধুনিকায়ন ও নেটওয়ার্ক সম্প্রসারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। দেশের আন্তর্জাতিক যোগাযোগের চাহিদা, প্রবাসী বাংলাদেশি, ব্যবসা ও পর্যটনের প্রয়োজন বিবেচনায় দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে এ ক্রয়াদেশ দেওয়া হয়েছে বলে তিনি জানান।

বোয়িংয়ের কর্মকর্তা ব্র্যাড ম্যাকমুলেন বলেন, অতিরিক্ত ৭৮৭ ড্রিমলাইনার ও ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজ বিমানের বহর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনাকে সহায়তা করবে। নতুন উড়োজাহাজগুলো বিমানের বিদ্যমান বোয়িং বহরের সঙ্গে পরিচালনাগত সামঞ্জস্যও বজায় রাখবে।

বোয়িংয়ের তথ্য অনুযায়ী, ৭৩৭-৮ উড়োজাহাজ বিমানের একক-আইল নেটওয়ার্কে বেশি দূরত্ব অতিক্রমের সক্ষমতা দেবে। অন্যদিকে ৭৮৭-১০ উড়োজাহাজ তুলনামূলক বেশি যাত্রী ধারণক্ষমতার মাধ্যমে বিমানের বিদ্যমান ৭৮৭-৯ ও ৭৮৭-৮ বহরকে সম্পূরক করবে।

Muktomon/TA