চিতলমারীতে গ্রাম আদালতের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

চিতলমারীতে গ্রাম আদালতের ত্রৈমাসিক সভায় কর্মকর্তারা
চিতলমারীতে গ্রাম আদালতের ত্রৈমাসিক সভায় কর্মকর্তারা

মুক্তমন রিপোর্টার : বাগেরহাটের চিতলমারী উপজেলায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার।

সভায় গ্রাম আদালতের চলমান কার্যক্রম, মামলার নিষ্পত্তির অগ্রগতি, কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা এবং তা সমাধানের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ ছাড়া ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালতের কার্যক্রম আরও কার্যকর, সহজ ও জনবান্ধব করার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

সভায় গ্রাম আদালত প্রকল্পের বাগেরহাট জেলা ম্যানেজার নাজমুল হাসান এবং চিতলমারী উপজেলা সমন্বয়কারী পলাশ বর্মন উপস্থিত ছিলেন। এ ছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর (AACO) ও প্রশাসনিক কর্মকর্তারা সভায় অংশ নেন।

সভায় বক্তারা বলেন, স্থানীয় পর্যায়ে সাধারণ মানুষের দ্রুত ও সহজে ন্যায়বিচার পাওয়ার সুযোগ তৈরিতে গ্রাম আদালতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।