মুক্তমন রিপোর্ট : রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার নিন্দা জানিয়ে হামলা-পাল্টা হামলা বন্ধ এবং আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রোববার (১১ অক্টোবর) সকালে তুরস্কে সরকারি সফর শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান।
ডা. শফিকুর রহমান বলেন, রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলার জন্য সৌদি আরব হুতিদের দায়ী করেছে। সৌদি আরব মুসলমানদের পবিত্র দুই মসজিদের দেশ। দেশটিতে যে পক্ষই হামলা করুক, তা কোনোভাবেই শুভ কাজ নয়। এ ধরনের হামলার নিন্দা জানাই।
তিনি বলেন, যুদ্ধ কোনো সমস্যার সমাধান নয়। যেকোনো বিরোধ আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করা উচিত। হামলায় এখন পর্যন্ত ১২ জন নিহত হয়েছেন বলে তাদের জানা গেছে।
জামায়াতের আমির বলেন, হামলার কারণে রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে কার্যক্রম পুরোপুরি বন্ধ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশের দুটি ফ্লাইটও স্থগিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিমানবন্দরটি আন্তর্জাতিক যোগাযোগের গুরুত্বপূর্ণ কেন্দ্র হওয়ায় এ পরিস্থিতিতে হাজার হাজার ফ্লাইট ও লাখ লাখ যাত্রী ক্ষতিগ্রস্ত হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
তিনি আরও বলেন, হামলা-পাল্টা হামলায় বিশ্বজুড়ে অস্থিরতা ও অনিরাপত্তা বাড়ছে। বিভিন্ন স্থানে মানুষের জীবন তুচ্ছ হয়ে উঠছে, প্রাণহানি ঘটছে। এ পরিস্থিতির অবসানে সংশ্লিষ্ট সব পক্ষকে শান্তির পথে ফিরে এসে আলোচনায় বসার আহ্বান জানান তিনি। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়কে ইতিবাচক ও কার্যকর ভূমিকা রাখার অনুরোধ করেন।
তুরস্ক সফর প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, বাংলাদেশের সঙ্গে তুরস্কের সম্পর্ক দীর্ঘদিনের। দেশটি বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। সফরে একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি সরকারি ও বেসরকারি পর্যায়ে বেশ কয়েকটি বৈঠক হয়েছে। তুরস্কের পার্লামেন্টের স্পিকারসহ দেশটির গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে আলোচনা হয়েছে।
তিনি বলেন, আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেওয়ার অন্যতম উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান তুলে ধরা। সফরে শিক্ষা বিনিময়, দক্ষতা উন্নয়ন, বিনিয়োগ এবং প্রতিরক্ষা শিল্প সম্প্রসারণসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া মক্কা প্যাক্ট নিয়েও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে আলোচনা হয়েছে।
Muktomon/TA