নিজস্ব প্রতিবেদক : নওগাঁর প্রত্যন্ত গ্রামের দরিদ্র পরিবার থেকে উঠে এসে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষাজীবন শেষ করা আজন্ম দৃষ্টিহীন শাকিল হোসেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন।
দৃষ্টিহীনতার কারণে চাকরি পাওয়ার ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতার মুখে পড়েছিলেন শাকিল। শিক্ষাজীবন সফলভাবে শেষ করলেও কর্মজীবন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয় তার। চাকরির আশায় বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেও দীর্ঘদিন কাঙ্ক্ষিত সুযোগ পাননি তিনি।
তার চাকরির বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিগোচর হলে তিনি এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তার উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে নির্দেশ দেন বলে জানানো হয়েছে। পরে রিজভীর উদ্যোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলামের সহযোগিতায় শাকিলের চাকরির ব্যবস্থা করা হয়।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঢাকার গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলামের কাছ থেকে নিয়োগপত্র গ্রহণ করেন শাকিল হোসেন।
শাকিল নওগাঁর একটি প্রত্যন্ত গ্রাম থেকে স্কুল ও কলেজের পড়াশোনা শেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। দৃষ্টিহীনতা ও আর্থিক সংকটের মধ্যেও মেধা ও পরিশ্রমের মাধ্যমে তিনি উচ্চশিক্ষা সম্পন্ন করেন।
নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু এবং রুহুল কবির রিজভীর এপিএস জাহেদুল আলম উপস্থিত ছিলেন।
চাকরি পাওয়ার মাধ্যমে শাকিলের দীর্ঘদিনের কর্মজীবনের অনিশ্চয়তা দূর হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা হিসেবে নতুন কর্মজীবন শুরু করতে যাচ্ছেন তিনি।
Muktomon/TA