রনজিৎ সরকার রাজ : জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে দেশব্যাপী তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ শুরু হয়েছে। এ কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরের বীরগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ও মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে বীরগঞ্জ উপজেলা চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুনের নেতৃত্বে এবং পৌর প্রশাসক দীপংকর বর্মনের আয়োজনে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে বীরগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও পরিচ্ছন্নতা শাখার কর্মী, বিএনসিসি ও স্কাউট সদস্যরা অংশগ্রহণ করেন।
কর্মসূচির অংশ হিসেবে পৌর এলাকার বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। পাশাপাশি মশার প্রজননস্থল শনাক্ত করে তা পরিষ্কার করা, জমে থাকা পানি অপসারণ এবং ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন কার্যক্রম চালানো হয়।
এ সময় জনসাধারণকে নিজ নিজ বাসস্থান ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ করা হয়।
অভিযানে অংশ নেওয়া কর্মকর্তা, কর্মচারী ও স্বেচ্ছাসেবীরা ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরির লক্ষ্যে শপথ নেন—‘পরিচ্ছন্ন পরিবেশ গড়ি, ডেঙ্গুমুক্ত বীরগঞ্জ নিশ্চিত করি।’
দিনাজপুর প্রতিনিধি
Muktomon/TA