প্রথম সপ্তাহেই ২০০ কোটির ক্লাবে ‘মির্জাপুর: দ্য মুভি’

প্রথম সপ্তাহেই ২০০ কোটির ক্লাবে ‘মির্জাপুর: দ্য মুভি’

মুক্তমন রিপোর্ট : মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য পেয়েছে বহুল আলোচিত সিনেমা ‘মির্জাপুর: দ্য মুভি’। পঙ্কজ ত্রিপাঠী, আলী ফজল ও দিব্যেন্দু শর্মা অভিনীত ছবিটি মাত্র সাত দিনে বিশ্বব্যাপী প্রায় ২১২ কোটি ৪৪ লাখ রুপি গ্রস আয় করেছে।

বক্স অফিস ট্র্যাকিং সাইট স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, মুক্তির সপ্তম দিনে ভারতে সিনেমাটির নিট আয় হয়েছে ১০ কোটি ৫৫ লাখ রুপি। এতে প্রথম সপ্তাহ শেষে ভারতের বাজারে ছবিটির মোট নিট আয় দাঁড়িয়েছে ১৪৮ কোটি ৪৫ লাখ রুপি। একই সময়ে ভারতের গ্রস সংগ্রহ হয়েছে ১৭৬ কোটি ৯৪ লাখ রুপি

ভারতের বাইরের বাজারেও সিনেমাটি ভালো সাড়া পেয়েছে। প্রথম সাত দিনে ওভারসিজ মার্কেট থেকে ছবিটির গ্রস আয় হয়েছে প্রায় ৩৫ কোটি ৫০ লাখ রুপি। ভারতের গ্রস ও আন্তর্জাতিক বাজারের আয় মিলিয়ে বিশ্বব্যাপী ছবিটির মোট সংগ্রহ দাঁড়িয়েছে ২১২ কোটি ৪৪ লাখ রুপি

মুক্তির প্রথম দিনেই ‘মির্জাপুর: দ্য মুভি’ আয় করে ২৫ কোটি ৭৫ লাখ রুপি। দ্বিতীয় দিনে সংগ্রহ ছিল ৩২ কোটি রুপি। এরপর তৃতীয় দিনে আসে ছবিটির প্রথম সপ্তাহের সর্বোচ্চ আয়—৩৬ কোটি রুপি। সপ্তাহের মাঝের কর্মদিবসগুলোতে আয় কিছুটা কমলেও বক্স অফিসে ধারাবাহিকতা ধরে রাখে সিনেমাটি। সপ্তম দিনে ১০ কোটি ৫৫ লাখ রুপি আয় করে প্রথম সপ্তাহ শেষ করে ছবিটি।

জনপ্রিয় ক্রাইম সিরিজ ‘মির্জাপুর’-এর বড় পর্দার সংস্করণ হিসেবে নির্মিত হয়েছে সিনেমাটি। মূল সিরিজের পরিচিত চরিত্র, সম্পর্ক ও সংঘাতকে কেন্দ্র করেই এর গল্প এগিয়েছে।

ছবিতে কালীন ভাইয়া চরিত্রে আবারও দেখা গেছে পঙ্কজ ত্রিপাঠীকে। গুড্ডু পণ্ডিত চরিত্রে অভিনয় করেছেন আলী ফজল এবং মুন্না ভাইয়া চরিত্রে রয়েছেন দিব্যেন্দু শর্মা। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রসিকা দুগল, শ্বেতা ত্রিপাঠী শর্মা, জিতেন্দ্র কুমার ও রবি কিষাণ।

সিনেমাটি পরিচালনা করেছেন গুরমিত সিং। এর গল্প লিখেছেন পুনীত কৃষ্ণ

মুক্তির মাত্র এক সপ্তাহে ২০০ কোটি রুপির ঘর পেরিয়ে যাওয়ায় সিনেমাটির দ্বিতীয় সপ্তাহের ব্যবসা নিয়েও তৈরি হয়েছে আগ্রহ। বক্স অফিস বিশ্লেষকদের নজর এখন ছবিটির পরবর্তী দিনের আয় ও দর্শক আগ্রহের দিকে।

সূত্র: স্যাকনিল্ক