কক্সবাজারে গুলিবর্ষণ ও হত্যাচেষ্টা মামলার আসামি গ্রেপ্তার

কক্সবাজারে র‍্যাব-১৫-এর অভিযানে গ্রেপ্তার হত্যাচেষ্টা মামলার আসামি
কক্সবাজারে র‍্যাব-১৫-এর অভিযানে গ্রেপ্তার হত্যাচেষ্টা মামলার আসামি

মুক্তমন রিপোর্টার : কক্সবাজার সদর উপজেলার আলীর জাহাল সিটি কলেজ এলাকায় গুলিবর্ষণ ও ইকরাম (৪০) হত্যাচেষ্টা মামলার এজাহারনামীয় ৩ নম্বর আসামি মো. মুবিনকে (২৭) গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫।

রোববার (৬ সেপ্টেম্বর) রাত ১টা ৫ মিনিটের দিকে কক্সবাজার সদর উপজেলার লিংক রোড রেল ক্রসিং এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মুবিন কক্সবাজার সদর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পলাইন্যা কাটা এলাকার রফিকুল ইসলামের ছেলে।

র‍্যাব-১৫ জানায়, গত ১ সেপ্টেম্বর রাত ৯টা ৩৫ মিনিটের দিকে কক্সবাজার সদর থানার আলীর জাহাল এলাকায় সিটি কলেজের সামনে মো. ইকরামকে হত্যার উদ্দেশ্যে কয়েকজন দুর্বৃত্ত গুলি করে পালিয়ে যায়। এ ঘটনায় ২ সেপ্টেম্বর কক্সবাজার সদর মডেল থানায় একটি মামলা করা হয়। ওই মামলায় মুবিনকে এজাহারনামীয় ৩ নম্বর আসামি করা হয়।

র‍্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মামলার পলাতক আসামি মুবিন লিংক রোড রেল ক্রসিং এলাকায় অবস্থান করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর মুবিনকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব-১৫।

র‍্যাব-১৫ আরও জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত থাকবে।