মুক্তমন রিপোর্টার : অস্ট্রেলিয়ার জনপ্রিয় টি-টোয়েন্টি প্রতিযোগিতা বিগ ব্যাশ লিগে (বিবিএল) প্রথমবারের মতো বেসরকারি বিনিয়োগের সুযোগ তৈরি করতে যাচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। এর অংশ হিসেবে লিগের অন্যতম ফ্র্যাঞ্চাইজি মেলবোর্ন রেনগেডসকে বেসরকারি মালিকানায় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা।
দরপত্র আহ্বানের মাধ্যমে রেনগেডসের নতুন মালিক খোঁজা হবে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৭-২৮ মৌসুম থেকেই নতুন মালিকানায় মাঠে নামবে দলটি।
রেনগেডসের মালিকানা হস্তান্তরের প্রক্রিয়া সফল হলে পরবর্তীতে বিবিএলের অন্য দলগুলোকেও বেসরকারি বিনিয়োগের আওতায় আনার বিষয়টি বিবেচনা করবে ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে প্রতিটি ফ্র্যাঞ্চাইজির মূল্যায়ন আলাদাভাবে করা হবে।
এর আগে চলতি বছরের এপ্রিলে বিবিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোর ৪৯ শতাংশ শেয়ার এবং দুটি দল থাকা রাজ্যগুলোর একটি দলের শতভাগ মালিকানা বিক্রির পরিকল্পনা সামনে এনেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে নিউ সাউথ ওয়েলস ও কুইন্সল্যান্ড ক্রিকেট বোর্ডের বিরোধিতার কারণে সেই উদ্যোগ বাস্তবায়নের পথে বাধা তৈরি হয়।
বিশ্বের বিভিন্ন প্রান্তে একের পর এক টি-টোয়েন্টি লিগের বিস্তার ঘটছে। ফলে আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও প্রতিযোগিতা বাড়ছে। এই পরিস্থিতিতে বিবিএলকে আরও শক্তিশালী ও বাণিজ্যিকভাবে প্রতিযোগিতামূলক করে তুলতেই বেসরকারি বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
বর্তমানে ২০১৮-১৯ মৌসুমের চ্যাম্পিয়ন মেলবোর্ন রেনগেডসের মালিকানা ক্রিকেট ভিক্টোরিয়ার হাতে। নতুন সিদ্ধান্ত কার্যকর হলে দলটির মালিকানায় বড় ধরনের পরিবর্তন আসবে।
ক্রিকেট অস্ট্রেলিয়ার এই উদ্যোগকে অস্ট্রেলিয়ান ক্রিকেটে নতুন যুগের সূচনা হিসেবে দেখা হচ্ছে। বেসরকারি বিনিয়োগের মাধ্যমে বিবিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোর আর্থিক সক্ষমতা ও পরিচালন কাঠামো আরও শক্তিশালী হবে—এমন প্রত্যাশাই সংশ্লিষ্টদের।