জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে প্রধানমন্ত্রী

জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে প্রধানমন্ত্রী তারেক রহমান

মুক্তমন রিপোর্ট : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে থাকা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের আয়োজিত স্বাগত প্রাতরাশে অংশ নিয়েছেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ৮টায় জাতিসংঘ সদরদপ্তরের নর্থ ডেলিগেটস লাউঞ্জে বিশ্বনেতা ও তাঁদের জীবনসঙ্গীদের সম্মানে এ প্রাতরাশের আয়োজন করা হয়।

প্রাতরাশের শুরুতে বিশ্বনেতারা তাঁদের জীবনসঙ্গীদের নিয়ে মঞ্চে ওঠেন এবং জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ও তাঁর স্ত্রীর সঙ্গে ফটোসেশনে অংশ নেন। প্রধানমন্ত্রী তারেক রহমানও ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে ফটোসেশনে অংশ নেন এবং জাতিসংঘ মহাসচিব ও তাঁর স্ত্রীর সঙ্গে কুশল বিনিময় করেন।

এর মধ্য দিয়ে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদকে ঘিরে প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হয়। পরে তিনি সাধারণ পরিষদের উদ্বোধনী পর্বে অংশ নেন। ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্ক ২২ থেকে ২৬ সেপ্টেম্বর এবং ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে ভাষণ দেবেন। এটি প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদে তাঁর প্রথম ভাষণ হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জাতিসংঘ অধিবেশনের পাশাপাশি প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় ও সৌজন্য বৈঠকে অংশ নেবেন। তাঁর কর্মসূচিতে রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, অর্থনৈতিক কূটনীতি ও অন্যান্য আন্তর্জাতিক বিষয়ে একাধিক উচ্চপর্যায়ের বৈঠক রয়েছে।

উল্লেখ্য, জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

Muktomon/TA