মুক্তমন রিপোর্ট : যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বন্দুক ও ছুরি দেখিয়ে ছিনতাইয়ের শিকার হয়েছেন হলিউড অভিনেতা কিগান অ্যালেন। জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘প্রিটি লিটল লায়ার্স’-এ অভিনয়ের মাধ্যমে পরিচিতি পাওয়া ৩৭ বছর বয়সী এই অভিনেতা সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশ করে ঘটনার বিবরণ দিয়েছেন।
শুক্রবার (৯ অক্টোবর) প্রকাশিত ভিডিওতে কিগান জানান, একটি মুদি দোকানের বাইরে দুই তরুণ অস্ত্রের মুখে তার ঘড়ি ছিনিয়ে নেয়। এ সময় তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।
ভিডিওতে অভিনেতাকে ঘটনার বিবরণ দিতে দেখা যায়। তার কপালেও আঘাতের চিহ্ন ছিল। পোস্টের সঙ্গে একটি নিরাপত্তা ক্যামেরার অস্পষ্ট ফুটেজও যুক্ত করেন তিনি। ফুটেজে কালো পোশাক পরা দুজনকে অভিনেতার কাছাকাছি দেখা যায়।
লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফের দপ্তর জানায়, অস্ত্রের মুখে ছিনতাইয়ের অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে পুলিশের বিবৃতিতে ভুক্তভোগীর নাম উল্লেখ করা হয়নি।
পুলিশের ভাষ্য অনুযায়ী, সন্দেহভাজন দুজনের একজন রুপালি রঙের বন্দুক তাক করে এবং অন্যজন ছুরি দেখিয়ে অভিনেতার ঘড়ি ও ব্রেসলেট দাবি করে। একপর্যায়ে তাদের একজন বন্দুক দিয়ে অভিনেতার মুখে আঘাত করে। এতে তার কপালে ক্ষত সৃষ্টি হয়। পরে ঘড়ি নিয়ে একটি গাড়িতে করে পালিয়ে যায় তারা।
ঘটনার বর্ণনা দিতে গিয়ে কিগান আক্ষেপ প্রকাশ করেন, একটি ঘড়ির মূল্য যেন তার জীবনের চেয়েও বেশি হয়ে উঠেছিল।
কিগান অ্যালেন ‘প্রিটি লিটল লায়ার্স’ সিরিজে অভিনয়ের জন্য ব্যাপক পরিচিতি পান।
Muktomon/TA