ময়মনসিংহে উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

রনজিৎ সরকার রাজ :  ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা—এই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহে শুরু হয়েছে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে বেলুন উড়িয়ে জমকালো আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।

জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মাহবুবুল আলম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমর, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন এবং ময়মনসিংহ জেলা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।

প্রধান অতিথির বক্তব্যে ফখর উদ্দিন আহমেদ বাচ্চু বলেন, জেলার প্রতিটি উপজেলার ছেলে-মেয়েরা স্বতঃস্ফূর্তভাবে খেলাধুলায় অংশ নিলে ময়মনসিংহ পড়াশোনা ও খেলাধুলা—উভয় ক্ষেত্রেই এগিয়ে যাবে। তরুণদের মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।

নারী ফুটবলারদের প্রতিভা বিকাশে তৃণমূল পর্যায়ে নিয়মিত প্রতিযোগিতার আয়োজন বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলাবোধ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নারী ফুটবলারদের সুযোগ সৃষ্টি করা গেলে ময়মনসিংহ থেকে জাতীয় পর্যায়ের প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবে।

নতুন প্রজন্মকে মাদক ও অনলাইনভিত্তিক নানা নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলেও জানান জেলা প্রশাসক।

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ময়মনসিংহ সদর উপজেলা ও ভালুকা উপজেলা নারী দল। ম্যাচে ভালুকা উপজেলা দল ২-০ গোলে ময়মনসিংহ সদরকে পরাজিত করে।

একই দিনে অপর ম্যাচে অংশ নেয় মুক্তাগাছা ও গফরগাঁও উপজেলা নারী দল। ম্যাচগুলো ঘিরে জেলা স্টেডিয়ামের গ্যালারিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থা ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় অনুষ্ঠিত এ টুর্নামেন্টে জেলার ১৪টি নারী দল অংশ নিচ্ছে। আগামী ১ অক্টোবর বিকেল ৪টায় ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।

ময়মনসিংহ জেলা প্রতিনিধি

Muktomon/TA