যুবকদের আত্মকর্মসংস্থানে ৫৩ বিজিবির নতুন উদ্যোগ

ইলেকট্রিক্যাল ও হাউজ ওয়্যারিং প্রশিক্ষণে অংশ নেওয়া যুবকেরা
ইলেকট্রিক্যাল ও হাউজ ওয়্যারিং প্রশিক্ষণে অংশ নেওয়া যুবকেরা

মুক্তমন রিপোর্টার : সীমান্তবর্তী এলাকার বেকার ও যুবকদের কারিগরি দক্ষতা বৃদ্ধি এবং আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর উদ্যোগে ‘ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ-২০২৬’ শুরু হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদ হলরুমে আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে চরবাগডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৩৫ জন যুবক অংশ নিচ্ছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি।

এ সময় চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ, চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক, চরবাগডাঙ্গা বিওপি কমান্ডারসহ বিজিবির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

বিজিবি সূত্রে জানানো হয়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষের আর্থসামাজিক উন্নয়ন ও জীবনমান বৃদ্ধিতে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে বাহিনীটি। এরই ধারাবাহিকতায় যুবকদের কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারী যুবকেরা ইলেকট্রিক্যাল ও হাউজ ওয়্যারিং বিষয়ে বাস্তবভিত্তিক দক্ষতা অর্জনের পাশাপাশি আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবেন বলে আশা করছে বিজিবি। একই সঙ্গে কর্মসংস্থানের সুযোগ বাড়লে যুবকদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখা এবং সীমান্তবর্তী এলাকায় নিরাপদ সামাজিক পরিবেশ তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছে সংস্থাটি।

বিজিবি জানিয়েছে, সীমান্তবর্তী জনগোষ্ঠীর বিকল্প কর্মসংস্থান সৃষ্টি ও দক্ষতা উন্নয়নে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।