মুক্তমন রিপোর্ট : উন্নয়নের অধিকার বাস্তবায়নে বিশ্বের সব দেশের অঙ্গীকার, দায়িত্বশীলতা ও সম্মিলিত পদক্ষেপ প্রয়োজন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে উন্নয়নের অধিকার বিষয়ক এক উচ্চপর্যায়ের অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের উদ্যোগে অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
জাতিসংঘের ‘উন্নয়নের অধিকার বিষয়ক ঘোষণা’ গ্রহণের ৪০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন সদস্য রাষ্ট্র ও সংশ্লিষ্ট অংশীজনরা অংশ নেন।
শামা ওবায়েদ বলেন, উন্নয়ন একটি অবিচ্ছেদ্য মানবাধিকার। এ অধিকার নিশ্চিত করতে অন্তর্ভুক্তিমূলক, টেকসই ও অংশগ্রহণমূলক উন্নয়ন নিশ্চিত করা প্রয়োজন।
তিনি বাংলাদেশের সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগের কথা তুলে ধরেন। এর মধ্যে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালুর উদ্যোগের কথা উল্লেখ করেন তিনি। পাশাপাশি উন্নয়নের অংশীদার হিসেবে নারী ও তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ এমন একটি ‘রেইনবো নেশন’-এর স্বপ্ন দেখে, যেখানে কেউ পিছিয়ে থাকবে না।
অনুষ্ঠানে তিনি বৈশ্বিক আর্থিক কাঠামোকে আরও ন্যায়সঙ্গত করার পাশাপাশি উন্নয়ন ও জলবায়ু অর্থায়নে পূর্বানুমেয়তা ও সমতা নিশ্চিতের প্রস্তাব দেন। একই সঙ্গে প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তায় সবার সমান সুযোগ এবং উন্নয়নের অধিকারকে জবাবদিহিতার আওতায় আনতে আইনগতভাবে বাধ্যতামূলক কাঠামো গঠনের কথাও বলেন।
অনুষ্ঠানে অংশ নেওয়া দেশগুলো উন্নয়নের অধিকার প্রতিষ্ঠা ও বৈশ্বিক সমৃদ্ধি এগিয়ে নিতে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
Muktomon/TA