কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’-এর তিন পুরস্কার

‘রইদ’ সিনেমার শিল্পী নাজিফা তুষি ও মোস্তাফিজুর নূর ইমরান
‘রইদ’ সিনেমার শিল্পী নাজিফা তুষি ও মোস্তাফিজুর নূর ইমরান

মুক্তমন রিপোর্ট : কানাডার মোজাইক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ১২তম আসরে তিনটি পুরস্কার জিতেছে বাংলাদেশের সিনেমা ‘রইদ’। এর মধ্যে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন ছবিটির অভিনেত্রী নাজিফা তুষি। এ ছাড়া সেরা সিনেমাটোগ্রাফি ও সেরা সংগীতের পুরস্কারও অর্জন করেছে সিনেমাটি।

‘রইদ’-এ সাদুর বউ চরিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর স্বীকৃতি পেয়েছেন তুষি। তিনটি পুরস্কার জয়ের খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সিনেমাটির নির্মাতা মেজবাউর রহমান সুমনসহ শিল্পী ও কলাকুশলীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে আনন্দের খবর ভাগ করে নিয়েছেন তাঁরা।

মোজাইক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এবারের আসরে সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে নেপালের সিনেমা ‘এলিফ্যান্টস ইন দ্য ফগ’। এর আগে ছবিটি কান চলচ্চিত্র উৎসবের আঁ সার্তে রিগা বিভাগে জুরি পুরস্কার অর্জন করেছিল।

আন্তর্জাতিক অঙ্গনে ‘রইদ’

এর আগে নেদারল্যান্ডসের রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নেয় ‘রইদ’। এ ছাড়া বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে সিনেমাটি।

চলতি বছর অস্কারের আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে পাঠানো হয়েছে ‘রইদ’। ফলে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সিনেমাটির প্রতিনিধিত্বের সুযোগ তৈরি হয়েছে।

মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘রইদ’-এ গ্রামীণ প্রেক্ষাপটে আদম-হাওয়ার পৌরাণিক গল্পের অনুষঙ্গে রহস্যময় এক উপাখ্যান তুলে ধরা হয়েছে। এতে নাজিফা তুষির পাশাপাশি অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, গাজী রাকায়েত ও আহসাবুল ইয়ামিন রিয়াদ।

Muktomon/TA