মুক্তমন রিপোর্ট : বাংলাদেশ জাতীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নতুন কমিটির মাধ্যমে পরিবহন খাতে দীর্ঘদিনের চাঁদাবাজি ও আইনবহির্ভূত কর্মকাণ্ড নিয়ন্ত্রণে আসবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে নতুন কমিটির নেতাদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, পরিবহন খাতে দীর্ঘদিন ধরে চলে আসা নৈরাজ্য ও চাঁদাবাজি বন্ধে নতুন কমিটিকে সক্রিয় ভূমিকা রাখতে হবে। সড়ক পরিবহন ব্যবস্থাপনায় অনিয়ম ও অব্যবস্থাপনা দূর করে সাধারণ মানুষের জন্য স্বস্তিদায়ক পরিবেশ তৈরির ওপরও গুরুত্ব দেন তিনি।
তিনি আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্ব পরিবহন খাতে পরিবর্তন আনতে কাজ করবে। একই সঙ্গে শ্রমিকদের স্বার্থ রক্ষা এবং সাধারণ যাত্রীদের সেবার মান উন্নয়নেও ফেডারেশন ভূমিকা রাখবে।
রিজভী আরও বলেন, পরিবহন খাতে কথিত ‘মাফিয়াতন্ত্রের’ অবসান ঘটাতে হবে এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
এ সময় বাংলাদেশ জাতীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নতুন সভাপতি সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রাজুসহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
Muktomon/TA