অলিসের লাল কার্ডে পয়েন্ট হারাল বায়ার্ন, শাস্তির শঙ্কা

বায়ার্ন মিউনিখের ফরাসি উইঙ্গার মাইকেল অলিসে, লাল কার্ডের পর ক্লাবের শাস্তির মুখে পড়ার শঙ্কা
বায়ার্ন মিউনিখের ফরাসি উইঙ্গার মাইকেল অলিসে, লাল কার্ডের পর ক্লাবের শাস্তির মুখে পড়ার শঙ্কা

চ্যাম্পিয়নস লিগে অপ্রয়োজনীয় লাল কার্ড দেখে দলকে বিপাকে ফেলেছেন বায়ার্ন মিউনিখের ফরাসি উইঙ্গার মাইকেল অলিসে। তার আচরণে ক্ষুব্ধ কোচ ভিনসেন্ট কোম্পানি ও সতীর্থ হ্যারি কেইন। এবার এই ঘটনার জন্য ক্লাবের পক্ষ থেকেও আর্থিক জরিমানার মুখে পড়তে পারেন তিনি।

মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে নরওয়ের ক্লাব ভাইকিংয়ের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করে বায়ার্ন। ম্যাচের ৭৪তম মিনিটে প্রতিপক্ষ অধিনায়ক জ্লাতকো ত্রিপিচের মুখ লক্ষ্য করে বল ছুড়ে মারেন অলিসে। এর কয়েক মুহূর্ত আগে হলুদ কার্ড দেখেছিলেন তিনি। নতুন করে হলুদ কার্ড দেখানো হলে দ্বিতীয় হলুদ কার্ডের কারণে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে।

ম্যাচের একপর্যায়ে ০-২ গোলে পিছিয়ে পড়ে বায়ার্ন। পরে হ্যারি কেইনের জোড়া গোল ও লুইস দিয়াজের গোলে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় জার্মান ক্লাবটি। কিন্তু অলিসের বিদায়ের পর ১০ জনের দলে পরিণত হওয়া বায়ার্ন শেষ মুহূর্তে গোল হজম করে। ৯০তম মিনিটে সমতাসূচক গোল করে ভাইকিং। ফলে নিশ্চিত জয়ের সম্ভাবনা থেকে শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় বায়ার্নকে।

ম্যাচ শেষে অলিসের আচরণকে ‘ভীষণ বোকামি’ বলে মন্তব্য করেন কোচ ভিনসেন্ট কোম্পানি। তার মতে, ওই পরিস্থিতিতে প্রতিপক্ষের খেলোয়াড় বেশি বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন।

সতীর্থের আচরণ নিয়ে হ্যারি কেইনও অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, নিজের ভুলের দায় অলিসেকেই নিতে হবে এবং এ ঘটনা থেকে শিক্ষা নিতে হবে।

অলিসের এমন আচরণ নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও সমালোচনা হয়েছে। স্পেনের মার্কা লিখেছে, সাধারণত শান্ত স্বভাবের অলিসে নরওয়েতে মেজাজ হারিয়েছেন। অন্যদিকে স্প্যানিশ সংবাদমাধ্যম আস শিরোনাম করেছে, ‘অলিসে ঝামেলা তৈরি করছেন।’

তবে অলিসের বিরুদ্ধে অভ্যন্তরীণ শাস্তির বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বায়ার্ন। ক্লাবটির ক্রীড়া পরিচালক ম্যাক্স এবারল জানিয়েছেন, বিষয়টি নিয়ে পরে আলোচনা হবে। আর্থিক জরিমানার সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি।

Muktomon/TA