মেসির ক্রসে গোল, আবেগঘন বিদায় ওতামেন্দির

আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচে গোলের পর লিওনেল মেসির সঙ্গে নিকোলাস ওতামেন্দি
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচে গোলের পর লিওনেল মেসির সঙ্গে নিকোলাস ওতামেন্দি

মুক্তমন রিপোর্ট : জাতীয় দলের জার্সিতে শেষ ম্যাচটি স্মরণীয় করে রাখলেন নিকোলাস ওতামেন্দি। আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচে গোল করেছেন এই অভিজ্ঞ ডিফেন্ডার। তাঁর গোলের পেছনে ছিল দীর্ঘদিনের সতীর্থ ও বন্ধু লিওনেল মেসির নিখুঁত ক্রস। শেষ পর্যন্ত বেনিনকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা।

প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় আর্জেন্টিনা। ৪৮ মিনিটে বাম দিক থেকে কর্নার নেন মেসি। তাঁর ক্রস পেনাল্টি স্পটের কাছে পৌঁছালে দৌড়ে এসে দুর্দান্ত ভলিতে বল জালে পাঠান ওতামেন্দি।

গোলের পরই দেখা যায় আবেগঘন মুহূর্ত। কর্নার পতাকার কাছে ছুটে যাওয়া ওতামেন্দিকে জড়িয়ে ধরেন মেসি। জাতীয় দলের হয়ে শেষ ম্যাচে গোল করার পাশাপাশি সেই গোলের সহায়তাকারীও ছিলেন তাঁর দীর্ঘদিনের সতীর্থ।

গোলের চার মিনিট পরই ওতামেন্দিকে মাঠ থেকে তুলে নেন কোচ লিওনেল স্কালোনি। মাঠ ছাড়ার সময় গ্যালারিতে ওঠে করতালির ঝড়। সমর্থকদের অভিবাদন গ্রহণের পর আর্জেন্টিনার জার্সির ব্যাজে চুমু দিয়ে বিদায় নেন তিনি।

ম্যাচ শেষে নিজের বিদায়ী গোল নিয়ে আবেগ প্রকাশ করেন ওতামেন্দি। তিনি জানান, জাতীয় দলের হয়ে ১৭ বছরের ক্যারিয়ারের শেষ ম্যাচে এমন একটি মুহূর্ত পাওয়া তাঁর জন্য বিশেষ। মেসির সঙ্গে এই মুহূর্ত ভাগ করে নিতে পারাটাকেও তিনি স্মরণীয় বলে উল্লেখ করেন।

মেসির প্রশংসা করে ওতামেন্দি বলেন, তাঁর সরলতা ও বিনয়ের জন্য কৃতজ্ঞ। পাশাপাশি আর্জেন্টিনার ফুটবল ও দেশের পতাকাকে সর্বোচ্চ পর্যায়ে তুলে ধরার জন্যও মেসিকে ধন্যবাদ জানান তিনি।

বেনিনের বিপক্ষে ম্যাচটির মধ্য দিয়ে আর্জেন্টিনার হয়ে ওতামেন্দির ১৭ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি ঘটল। জাতীয় দলের হয়ে তিনি খেলেছেন ১৪০ ম্যাচ এবং করেছেন ১০ গোল।

আর্জেন্টিনার হয়ে চারটি বড় শিরোপা জিতেছেন ওতামেন্দি—২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা, ২০২২ বিশ্বকাপ ও ২০২৪ কোপা আমেরিকা।

Muktomon/TA