বিশ্বমানের মানবসম্পদ গঠনে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ

রুয়েট উপাচার্যের নেতৃত্বে প্রতিনিধিদলের সঙ্গে রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ
রুয়েট উপাচার্যের নেতৃত্বে প্রতিনিধিদলের সঙ্গে রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ

আধুনিক বিশ্বের নানা চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ, উদ্ভাবনী ও প্রযুক্তিনির্ভর মানবসম্পদ গড়ে তুলতে দেশের প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার রাষ্ট্রপতির সঙ্গে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য প্রফেসর ড. এস এম আব্দুর রাজ্জাকের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করলে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম বাসসকে এসব তথ্য জানান।

সাক্ষাৎকালে রুয়েটের প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষা কার্যক্রম, গবেষণা, অবকাঠামোগত উন্নয়ন এবং সামগ্রিক একাডেমিক অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

রাষ্ট্রপতি বলেন, দেশের প্রযুক্তিগত অগ্রগতি ও অর্থনৈতিক উন্নয়নে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর অবদান গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রতিষ্ঠানের মাধ্যমে দক্ষ জনবল তৈরির পাশাপাশি গবেষণা ও উদ্ভাবনকে আরও এগিয়ে নেওয়ার প্রয়োজন রয়েছে।

তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মান আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতামূলক অবস্থান তৈরি করতে বিশ্ববিদ্যালয়টির সক্ষমতা বাড়ানোর আহ্বান জানান।

সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Muktomon/TA