অরুণ কুমার সরকার : বাগেরহাটের চিতলমারী উপজেলায় ২০২৬-২৭ অর্থবছরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। প্লাবনভূমি, বর্ষাপ্লাবিত ধানক্ষেত ও বিভিন্ন প্রাতিষ্ঠানিক জলাশয়ে মৎস্যসম্পদ বৃদ্ধির লক্ষ্যে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্ত করার মধ্য দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে উপজেলার ৩২টি পুকুর ও জলাশয়ে মোট ৩৩৪ কেজি বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
পোনা অবমুক্ত করা জলাশয়গুলোর মধ্যে রয়েছে চিতলমারী থানা পুকুর, উপজেলা হাসপাতাল পুকুর, আশ্রয়ণ প্রকল্পের পুকুর, চিতলমারী আলিয়া মাদ্রাসা পুকুর, রহমতপুর ফাজিল মাদ্রাসা পুকুর, চরকচুরিয়া হাফিজিয়া মাদ্রাসা পুকুর, চিতলমারী দারুল উলুম মাদ্রাসা পুকুর, মরাবলেশ্বর নদী এবং বাহিরদশমহল মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পুকুরসহ বিভিন্ন প্রাতিষ্ঠানিক জলাশয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. ফেরদৌস আনসারী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সিফাত আল মারুফ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আহমেদ ইকবালসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও অন্যান্য ব্যক্তিরা।
সংশ্লিষ্টরা জানান, বিভিন্ন জলাশয়ে পরিকল্পিতভাবে মাছের পোনা অবমুক্ত করার ফলে স্থানীয়ভাবে মাছের উৎপাদন বাড়বে। একই সঙ্গে মৎস্যসম্পদের উন্নয়ন ও জলাশয়ের যথাযথ ব্যবহারে এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
Muktomon/TA