মুক্তমন রিপোর্ট : খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে তৃণমূল পর্যায় থেকে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি বলেন, ইউনিয়ন পর্যায়ে খেলার মাঠ তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণের কাজও এগিয়ে নেওয়া হচ্ছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে বগুড়ায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমিনুল হক বলেন, বর্তমান সরকার খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তৃণমূল পর্যায় থেকে নতুন করে কাজ করছে। খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করাই সরকারের অন্যতম লক্ষ্য। এ লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে মাঠ তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে এবং উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে।
বগুড়ায় ‘আরাফাত রহমান কোকো স্পোর্টস ভিলেজ’ নির্মাণের উদ্যোগের কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, বগুড়ায় দ্রুত একটি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে। এ বিষয়ে সরকার ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়েছে এবং শিগগিরই এর বাস্তবায়ন শুরু হবে।
খেলার মাঠে দর্শকদের বসার জায়গার সংকটের কথা উল্লেখ করে তিনি বলেন, মাঠের চারপাশে দ্রুত গ্যালারি নির্মাণ করা হবে। ভবিষ্যতে দর্শকেরা গ্যালারিতে বসে স্বাচ্ছন্দ্যে খেলা উপভোগ করতে পারবেন।
নিজের সঙ্গে মাঠটির পুরোনো স্মৃতির কথা তুলে ধরে আমিনুল হক বলেন, নির্বাচনের বেশ কিছুদিন আগে তিনি নিজে এই মাঠে এসে খেলেছেন। সেই মাঠে আবার ফাইনাল ম্যাচে উপস্থিত থাকতে পেরে তিনি আনন্দিত।
দেশের প্রতিটি জেলা ও বিভাগীয় শহরে খেলাধুলা ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ের কথা জানিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ জাতি হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই। তরুণদের মাদক ও বিভিন্ন ধরনের আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার পরিসর আরও বাড়াতে হবে।
তিনি বলেন, সন্তানদের ডিভাইসের অতিরিক্ত ব্যবহার থেকে দূরে রাখা এবং মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সম্মিলিত প্রচেষ্টায় সমৃদ্ধ, মাদকমুক্ত ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বগুড়া সিটি করপোরেশন চ্যাম্পিয়ন হয়েছে। প্রতিযোগিতা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।