সংসদ ভবনে সোলার প্যানেল স্থাপনের সম্ভাব্যতা যাচাই

জাতীয় সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ে বিশেষ কমিটির উদ্যোগ
জাতীয় সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ে বিশেষ কমিটির উদ্যোগ

মুক্তমন রিপোর্ট : জাতীয় সংসদ ভবন এলাকার বিদ্যুৎ চাহিদা পূরণ, বিদ্যুতের অপচয় রোধ ও সিস্টেম লস কমাতে সোলার প্যানেল স্থাপনের সম্ভাব্যতা যাচাই করছে জাতীয় সংসদের বিশেষ কমিটি। তবে এ উদ্যোগ বাস্তবায়নের ক্ষেত্রে বিশ্বখ্যাত স্থপতি লুই আই কানের মূল নকশা, ভবনের স্থাপত্যশৈলী এবং পরিবেশের ভারসাম্য অক্ষুণ্ন রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির প্রথম সভায় এসব বিষয়ে আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

সভায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) অথবা অন্য কোনো স্বনামধন্য প্রতিষ্ঠানের মাধ্যমে সোলার প্যানেল স্থাপনের সম্ভাব্যতা যাচাই এবং ত্রিমাত্রিক (থ্রিডি) নকশা তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি এ কার্যক্রম ত্বরান্বিত করতে তিন সদস্যের একটি উপকমিটি গঠন করা হয়েছে।

বৈঠকে জাতীয় সংসদ ভবন ও এর আশপাশের এলাকার বিদ্যুতের চাহিদা নিরূপণ, বিদ্যুতের অপচয় রোধ, সিস্টেম লস কমানো এবং সৌরবিদ্যুৎ স্থাপনের উপযুক্ত স্থান চিহ্নিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সম্ভাব্য স্থানগুলো চিহ্নিত করে একটি মানচিত্র তৈরি এবং সেখানে সোলার প্যানেল স্থাপনের পরিকল্পনার থ্রিডি অ্যানিমেশন প্রস্তুত করে পরবর্তী সভায় উপস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কমিটির সদস্যরা সংসদ ভবনের মূল স্থাপত্যশৈলী ও স্থপতি লুই আই কানের ঐতিহাসিক নকশা সুরক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেন। সোলার প্যানেল স্থাপনের কারণে ভবনের স্থাপত্যগত বৈশিষ্ট্য, পরিবেশের ভারসাম্য কিংবা জীববৈচিত্র্য যেন ক্ষতিগ্রস্ত না হয়, তা নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হয়।

তিন সদস্যের উপকমিটিতে রয়েছেন সংসদ সদস্য মো. আশরাফ উদ্দিন, লুৎফুল্লাহেল মাজেদ ও মারদিয়া মমতাজ। তাঁরা সোলার প্যানেল স্থাপনের কারিগরি ও অন্যান্য দিক পরীক্ষা-নিরীক্ষা করে প্রতিবেদন জমা দেবেন। এ কাজে সংসদ সচিবালয়, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি), স্থাপত্য অধিদপ্তর ও গণপূর্ত অধিদপ্তরের প্রতিনিধিরা কারিগরি এবং প্রশাসনিক সহায়তা দেবেন।

এ ছাড়া সংসদ অধিবেশন চলাকালীন সময়ের বাইরে সংসদ ভবনের শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা বন্ধ রাখলে কারিগরি বা অবকাঠামোগত কোনো ক্ষতির আশঙ্কা রয়েছে কি না, সে বিষয়ে আগামী ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দিতে উপকমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।

সভায় আরও জানানো হয়, এমপি হোস্টেলের ছাদে সোলার প্যানেল স্থাপনের জন্য আগে তৈরি করা উন্নয়ন প্রকল্প প্রস্তাবের (ডিপিপি) কোনো দায়ভার এ কমিটি গ্রহণ করবে না।

সভায় বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলামসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এ ছাড়া সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার, বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব, ডিপিডিসির প্রতিনিধি, গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলী এবং সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

Muktomon/TA