মুক্তমন রিপোর্ট : রেকর্ডিং শুরুর মাত্র এক ঘণ্টা আগে নতুন গানটির কথা জানতে পেরেছিলেন গায়িকা সুতপা মণ্ডল। এমনকি গানটির কথা বা লিরিক্সও আগে দেখেননি তিনি। সম্প্রতি প্রকাশিত ‘মেঘ আড়ালে’ গানটির অভিজ্ঞতা জানাতে গিয়ে এ কথা বলেন এই শিল্পী।
জনপ্রিয় গায়ক, সুরকার ও সংগীত পরিচালক অদিত রহমানের সুর ও সংগীতে তৈরি হয়েছে ‘মেঘ আড়ালে’। দিবাশ কৃষ্ণ বিশ্বাসের লেখা গানটিতে কণ্ঠ দিয়েছেন সুতপা মণ্ডল ও মঙ্কস পার্ল। গত ১৫ অক্টোবর গানচিল মিউজিক থেকে গানটি প্রকাশিত হয়।
অপেক্ষা, দূরত্ব ও বিচ্ছেদের অনুভূতি নিয়ে তৈরি গানটিতে প্রিয়জনকে কাছে না পাওয়ার বেদনা এবং স্মৃতির আবেশ ফুটে উঠেছে। বৃষ্টির ফোঁটা, কালো মেঘে ঢাকা আকাশ কিংবা জানালার বাইরে তাকিয়ে থাকার মতো দৃশ্যের মধ্য দিয়ে গানের আবহে তুলে ধরা হয়েছে ভালোবাসা ও অপেক্ষার অনুভূতি।
গানটির দৃশ্যায়নেও রয়েছে বিশেষ আয়োজন। পুরোনো দিনের শিল্পীর ঘর, ক্যানভাস, গ্রামোফোন, অ্যান্টিক আসবাব ও বাদ্যযন্ত্র দিয়ে সাজানো হয়েছে পরিবেশ। আলো ও রঙের ব্যবহারে দৃশ্যগুলো পেয়েছে সিনেমাটিক আবহ। গাঢ় নীল ও সবুজাভ রঙের সঙ্গে সোনালি আলোর বৈপরীত্য গানচিত্রে তৈরি করেছে স্বতন্ত্র নান্দনিকতা।
গানটি নিয়ে সুতপা মণ্ডল বলেন, ‘এ গানের জন্য সাতক্ষীরা থেকে ঢাকায় এসেছিলাম। রেকর্ডিংয়ের মাত্র এক ঘণ্টা আগে নতুন গানটির কথা জানতে পারি, এমনকি এর লিরিক্সও আগে দেখিনি। গানটির ফিমেল ভার্সনে কণ্ঠ দেওয়ার পাশাপাশি পুরো আয়োজনে আমার দুই বোন সুহানি ও শ্রেষ্ঠাও যুক্ত রয়েছে।’
অন্যদিকে মঙ্কস পার্ল বলেন, ‘মেঘ আড়ালে’ তাঁর কাছে সৃষ্টির এক নতুন যাত্রা। প্রকল্পটি বাস্তবায়নের জন্য গানচিল ও ফ্যাটম্যান অরিজিনালস প্রোডাকশনকে ধন্যবাদ জানান তিনি। গানটি শ্রোতাদের ভালো লাগবে বলেও আশা প্রকাশ করেন এই শিল্পী।
Muktomon/TA