মুক্তমন রিপোর্টার : দিনের আলো নিভে সন্ধ্যা নামলেই অন্ধকারে ঢেকে যায় সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল রেলস্টেশনের ফুট ওভারব্রিজ। দীর্ঘদিন ধরে পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় রাতে ওভারব্রিজ ব্যবহার করতে গিয়ে ভোগান্তি ও নিরাপত্তাহীনতায় পড়ছেন ট্রেনযাত্রী ও সাধারণ পথচারীরা।
স্থানীয়দের অভিযোগ, সন্ধ্যার পর ফুট ওভারব্রিজে পর্যাপ্ত আলো না থাকায় অনেকেই এটি ব্যবহার করতে অনীহা প্রকাশ করেন। ফলে কেউ কেউ নিরাপদ ওভারব্রিজ ব্যবহারের পরিবর্তে ঝুঁকি নিয়ে সরাসরি রেললাইন পার হয়ে পূর্ব থেকে পশ্চিমে কিংবা পশ্চিম থেকে পূর্বে যাতায়াত করছেন।
এভাবে রাতের অন্ধকারে রেললাইনের ওপর দিয়ে মানুষের চলাচল যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। বিশেষ করে শিশু, নারী, বয়স্ক ও অসুস্থ যাত্রীদের জন্য ঝুঁকি আরও বেশি। নিরাপদ পারাপারের জন্য ফুট ওভারব্রিজ থাকলেও শুধু আলোর অভাবে মানুষ রেললাইনে নামায় দুর্ঘটনার আশঙ্কা থেকেই যাচ্ছে।
স্থানীয় বাসিন্দা ও যাত্রীরা জানান, দুর্ঘটনা ঘটার আগেই জামতৈল রেলস্টেশনের ফুট ওভারব্রিজে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা প্রয়োজন। একই সঙ্গে ওভারব্রিজের বৈদ্যুতিক সংযোগ ও আলোকব্যবস্থা নিয়মিত পর্যবেক্ষণের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
তাদের মতে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নিলে যাত্রী ও সাধারণ মানুষের চলাচল আরও নিরাপদ হবে। পাশাপাশি রেললাইনে ঝুঁকিপূর্ণভাবে পারাপারের প্রবণতা কমবে এবং দুর্ঘটনার আশঙ্কাও অনেকাংশে হ্রাস পাবে।
শহিদুল ইসলাম
সিরাজগঞ্জ