মুক্তমন রিপোর্ট : ফেনীর দাগনভূঞায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে দলটির দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নেতাকর্মী এবং কয়েকজন স্থানীয় সাংবাদিক আহত হয়েছেন।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার আতাতুর্ক সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে দীর্ঘদিন ধরে উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন এবং বহিষ্কৃত জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি কাজী জামশেদুর রহমান ফটিকের অনুসারীদের মধ্যে বিরোধ চলে আসছে।
বুধবার বিকেলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আতাতুর্ক সরকারি উচ্চ বিদ্যালয়ের অডিটরিয়ামে উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন ও যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিকসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে আকবর হোসেন নেতাকর্মীদের নিয়ে বের হলে মহাসড়কের পাশে অবস্থান নেওয়া ফটিকের অনুসারীরা স্লোগান দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। পরে উভয় পক্ষ ইটপাটকেল নিক্ষেপ করলে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।
পুলিশ এবং বিএনপির কয়েকজন নেতা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেনের দাবি, ফটিকের অনুসারীরা তাদের ওপর হামলা চালিয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, এতে তিনি, তাঁর স্ত্রীসহ প্রায় ৪০ জন নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলেও জানান তিনি।
অন্যদিকে কাজী জামশেদুর রহমান ফটিক অভিযোগ অস্বীকার করে বলেন, দুই পক্ষের কর্মসূচি পাশাপাশি থাকায় উত্তেজনা তৈরি হয় এবং একপর্যায়ে ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। তাঁর দাবি, তাদের পক্ষের অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
সংঘর্ষের সময় স্থানীয় গণমাধ্যমকর্মী আবদুল্লাহ আল মামুন, ফখরুল ইসলাম, সাখাওয়াত হোসেন টিপু ও এম রহমান সোহেল আহত হয়েছেন বলে জানা গেছে।
দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. সানজিদা মাহবুব জানান, জরুরি বিভাগে সাতজন চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে দুজনকে উন্নত চিকিৎসার জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন বলেন, অনুষ্ঠানস্থলে থাকা অবস্থায় তারা হট্টগোলের শব্দ শুনতে পান। পরে বাইরে এসে সড়কে ইটপাটকেল দেখতে পান। পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিষয়টি দলের শীর্ষ নেতাদের জানানো হয়েছে।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ফয়জুল আজীম নোমান জানান, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে আগে থেকেই দুই পক্ষের লোকজন সেখানে অবস্থান করছিল। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল। পরে দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
উল্লেখ্য, দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে আকবর হোসেন ও কাজী জামশেদুর রহমান ফটিকের অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। গত বছরের ২২ ডিসেম্বর উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণার পর বিরোধ আরও প্রকাশ্য রূপ নেয়। কমিটি বাতিলের দাবিতে দুই পক্ষ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।