মুক্তমন রিপোর্ট : ইউটিউবে সিনেমার বিশ্লেষণ করে পরিচিতি পাওয়া রাশেদুজ্জামান রাকিব এবার যুক্ত হচ্ছেন চলচ্চিত্র নির্মাণে। শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’-এর চিত্রনাট্য লিখবেন তিনি। ইউটিউবে ‘আরএনএআর’ নামে পরিচিত এই বিশ্লেষকের সিনেমার গল্প লেখার অভিষেক হতে যাচ্ছে এ ছবির মাধ্যমে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) একটি পোস্টারের মাধ্যমে খবরটি নিজেই জানান রাকিব। সিনেমাটির নির্মাতা হিমেল আশরাফও বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেন।
ঘোষণায় বলা হয়, এত দিন সিনেমাকে গভীর বিশ্লেষণের চোখে দেখেছেন রাশেদুজ্জামান রাকিব। এবার সিনেমার প্রতি সেই ভালোবাসাকে গল্পের পাতায় তুলে ধরবেন তিনি। বিশ্লেষণের পর এবার চিত্রনাট্য লেখার মধ্য দিয়ে চলচ্চিত্র নির্মাণের নতুন যাত্রা শুরু করছেন রাকিব।
খবরটি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করছেন দর্শকরা। সিনেমার নানা দিক নিয়ে রাকিবের বিশ্লেষণ যাঁদের আকৃষ্ট করেছে, তাঁরা এবার তাঁর লেখা চিত্রনাট্যে গল্প কেমনভাবে ফুটে ওঠে, তা দেখার অপেক্ষায় রয়েছেন।
হিমেল আশরাফের পরিচালনায় শাকিব খান এর আগে ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’ সিনেমায় অভিনয় করেছেন। দুটি সিনেমাই প্রযোজনা করেছে ভার্সেটাইল মিডিয়া। একই প্রযোজনা প্রতিষ্ঠানের নতুন সিনেমা ‘মহব্বত’ নিয়েও দর্শকদের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছে।
তবে সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে কে অভিনয় করবেন, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। এর আগে পাকিস্তানের জনপ্রিয় কোনো অভিনেত্রীকে সিনেমাটিতে দেখা যেতে পারে বলে গুঞ্জন ছড়ালেও নির্মাতারা তা নাকচ করে দিয়েছেন। এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করতে বলেছেন তাঁরা।
Muktomon/TA