ইসরায়েল-আয়ারল্যান্ড ম্যাচের আগে সংবাদ সম্মেলনে উত্তেজনা

ইসরায়েল-আয়ারল্যান্ড ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আয়ারল্যান্ড কোচ হেইমির হলগ্রিমসন
ইসরায়েল-আয়ারল্যান্ড ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আয়ারল্যান্ড কোচ হেইমির হলগ্রিমসন

মুক্তমন রিপোর্ট : উয়েফা নেশনস লিগে ইসরায়েলের বিপক্ষে দ্বিতীয় লেগের ম্যাচের আগে আয়ারল্যান্ডের সংবাদ সম্মেলনে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ইসরায়েলি সাংবাদিকদের সঙ্গে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে সংবাদ সম্মেলনটি আগেভাগেই শেষ করে দেওয়া হয়।

শনিবারের সংবাদ সম্মেলনে এক ইসরায়েলি সাংবাদিক আয়ারল্যান্ড কোচ হেইমির হলগ্রিমসনকে ইসরায়েলগামী ফ্লাইদুবাইয়ের একটি উড়োজাহাজে সাম্প্রতিক হামলার ঘটনা নিয়ে প্রশ্ন করেন। ওই ঘটনার সঙ্গে আয়ারল্যান্ডের ফিলিস্তিন-সংক্রান্ত অবস্থানের যোগসূত্র টানার চেষ্টা করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

হলগ্রিমসন উত্তর দেওয়ার আগেই ফুটবল অ্যাসোসিয়েশন অব আয়ারল্যান্ডের (এফএআই) যোগাযোগ ব্যবস্থাপক কিয়ারান ক্রাউলি হস্তক্ষেপ করেন। তিনি সাংবাদিকদের শুধু ফুটবলসংক্রান্ত প্রশ্ন করার অনুরোধ জানান। পরে ঘটনাটিকে ‘মৌখিক আক্রমণ’ হিসেবে বর্ণনা করেন হলগ্রিমসন।

এরপর আরেক ইসরায়েলি সাংবাদিক অভিযোগ করেন, প্রথম লেগে আয়ারল্যান্ড দলের সদস্যরা ইসরায়েলি খেলোয়াড়দের ‘বানর’ বলে মন্তব্য করেছিলেন। ক্রাউলি এ অভিযোগ প্রত্যাখ্যান করে এটিকে মিথ্যা বলে অভিহিত করেন। এ সময় উত্তেজনা বাড়লে সংবাদ সম্মেলন শেষ করে দেওয়া হয়।

গত ২৭ সেপ্টেম্বর প্রথম লেগে ইসরায়েলকে ৩-০ গোলে হারায় আয়ারল্যান্ড। ওই ম্যাচে ইসরায়েলি সমর্থকদের বিরুদ্ধে আয়ারল্যান্ডের অ্যাডাম ইদাহ ও জেমস আবানকওয়ারের প্রতি বর্ণবাদী আচরণের অভিযোগ তদন্ত করছে এফএআই।

রোববার সার্বিয়ার বাক্কা টোপোলায় দ্বিতীয় লেগে মুখোমুখি হবে দুই দল। ম্যাচে আবেগের বিষয়টি থাকলেও আয়ারল্যান্ড কোচ হলগ্রিমসন জানিয়েছেন, তার দল মূলত জয় নিয়েই মনোযোগী।

Muktomon/TA