মুক্তমন রিপোর্ট : দক্ষ কর্মী হিসেবে বিদেশে না গেলে শুধু কর্মী পাঠানোর সংখ্যা বাড়িয়ে দেশের প্রকৃত লাভ হবে না বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
বৃহস্পতিবার (১ অক্টোবর) চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী কর্মীদের লাগেজ পরিবহনের জন্য ট্রলি কার্যক্রমের উদ্বোধন এবং প্রবাসী কল্যাণ ডেস্ক পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বিদেশগামী কর্মীদের অবশ্যই দক্ষ হয়ে প্রবাসে যেতে হবে। দক্ষ কর্মী পাঠাতে না পারলে লাখ লাখ কর্মী বিদেশে পাঠিয়েও দেশের প্রকৃত সুফল পাওয়া যাবে না।
পরিদর্শনকালে মন্ত্রী বিদেশগামী যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের সুযোগ-সুবিধা, চাহিদা ও বিভিন্ন ভোগান্তির বিষয়ে খোঁজখবর নেন।
প্রবাসী কর্মীদের স্বাস্থ্যসেবার বিষয়টি বিবেচনায় বিমানবন্দর কর্তৃপক্ষকে দ্রুত একটি জরুরি চিকিৎসাকেন্দ্র স্থাপনের নির্দেশ দেওয়ার কথা জানান তিনি। এ জন্য ইতোমধ্যে স্থান নির্বাচনের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী।
ফ্লাইট বিলম্ব ও সময়সূচি বিপর্যয়ের কারণে প্রবাসী যাত্রীদের ভোগান্তির বিষয়টি তুলে ধরে আরিফুল হক চৌধুরী বলেন, বিমানবন্দর শহর থেকে দূরে হওয়ায় অনেক সময় যাত্রীদের থাকা-খাওয়ার সমস্যায় পড়তে হয়। এ সমস্যা সমাধানে বিমানবন্দরের পাশে রেস্টহাউস নির্মাণের পরিকল্পনা রয়েছে।
পরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যে যুদ্ধের মতো প্রতিকূল পরিস্থিতির মধ্যেও সরকার গঠনের পর গত সাত মাসে প্রায় ৪ লাখ ৩৪ হাজার কর্মী বিদেশে কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন। সামনের দিনগুলোতে শ্রমবাজারে আরও ভালো ফলাফল পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে প্রবাসীদের আইনি সহায়তা জোরদারের লক্ষ্যে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা একটি প্রস্তাব দেন। মন্ত্রী প্রস্তাবটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রবাসীদের আইনি সুরক্ষায় কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়, চট্টগ্রাম জেলা প্রশাসন ও বিমানবন্দর পরিচালনা কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Muktomon/TA