মুক্তমন রিপোর্ট : যুক্তরাষ্ট্র সফরে গাজা পরিস্থিতি ও মার্কিন র্যাপার ম্যাকলমোরকে কনসার্ট থেকে বাদ দেওয়ার বিষয় নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন ব্রিটিশ সংগীতশিল্পী এড শিরান।
‘লুপ ট্যুর’-এর অংশ হিসেবে বর্তমানে যুক্তরাষ্ট্রে কনসার্ট করছেন এড শিরান। শনিবার (১৯ সেপ্টেম্বর) ফিলাডেলফিয়ায় তার একটি কনসার্ট অনুষ্ঠিত হয়। সেখানেই সাম্প্রতিক বিতর্ক নিয়ে কথা বলেন তিনি।
এর আগে এড শিরানের সফরসঙ্গী হিসেবে ছিলেন মার্কিন র্যাপার ম্যাকলমোর। একটি একক পরিবেশনায় ম্যাকলমোর ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করেন এবং গাজা পরিস্থিতিকে ‘গণহত্যা’ হিসেবে উল্লেখ করে ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দেন।
এর পরিপ্রেক্ষিতে বোস্টনের জিলেট স্টেডিয়ামের মালিক রবার্ট ক্রাফট এবং আয়োজক প্রতিষ্ঠান মেসিনা ট্যুরিং গ্রুপ ম্যাকলমোরকে সফর থেকে বাদ দেওয়ার ঘোষণা দেয়। ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হলে এড শিরানের ভূমিকাও প্রশ্নের মুখে পড়ে।
ফিলাডেলফিয়ার কনসার্টে এড শিরান বলেন, ম্যাকলমোরকে সফর থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত তার ছিল না; এটি আয়োজকদের সিদ্ধান্ত। একই সঙ্গে গাজা ও পশ্চিম তীরের পরিস্থিতি নিয়েও কথা বলেন তিনি।
শিরান বলেন, তিনি কখনো রাজনৈতিক প্রচারক হতে চাননি। তার লক্ষ্য ছিল সংগীতের মাধ্যমে মানুষকে একত্রিত করা। তবে গাজায় বেসামরিক নাগরিক ও শিশুদের প্রাণহানি এবং পশ্চিম তীরের পরিস্থিতি তাকে নীরব থাকতে দিচ্ছে না বলেও জানান তিনি।
কনসার্টের সময় স্টেডিয়ামের বাইরে ফিলিস্তিনপন্থী বিক্ষোভও অনুষ্ঠিত হয়। এ সময় শিরান বলেন, তার কনসার্ট সবার জন্য নিরাপদ ও উন্মুক্ত জায়গা হওয়া উচিত। শিল্পীদের বক্তব্যের ওপর আয়োজক প্রতিষ্ঠানের সেন্সরশিপ আরোপের নীতির প্রতি তিনি সমর্থন জানান না বলেও উল্লেখ করেন।
এদিকে ম্যাকলমোরকে সফর থেকে সরিয়ে দেওয়ার প্রতিবাদে কয়েকজন সংগীতশিল্পী শিরানের সফর থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তাদের মধ্যে আইরিশ গায়ক এরন রো এবং ডেনিশ সংগীতশিল্পী লুকাস গ্রাহামের নামও রয়েছে।
এ ঘটনায় যুক্তরাষ্ট্রে শিরানের কনসার্ট ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। পাশাপাশি টিকিটের দামেও উল্লেখযোগ্য পতনের কথা বলা হয়েছে। একপর্যায়ে ৩৫০ ডলারের একটি টিকিট ৩২ ডলারে নেমে আসে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
Muktomon/TA