মুক্তমন রিপোর্ট : দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১ হাজার ৭৩৩ জন ভর্তি হয়েছেন। একই সময়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৫৬ জনে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছরের আগস্ট মাসে ডেঙ্গুতে মারা গেছেন ৪৩ জন। আর সেপ্টেম্বরের প্রথম ১৩ দিনেই মৃত্যু হয়েছে ৬০ জনের। এছাড়া জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
বুলেটিন অনুযায়ী, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১ হাজার ৭৩৩ জন। এর ফলে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ হাজার ৫৭০ জনে।
একই সময়ে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ২৮২ জন। এ পর্যন্ত চলতি বছরে ডেঙ্গু থেকে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪৯ হাজার ৩৭৫ জন।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। এ বিভাগে নতুন করে ৭০১ জন রোগী ভর্তি হয়েছেন।
এ ছাড়া খুলনা বিভাগে ৩০২ জন, বরিশালে ১৯১ জন, চট্টগ্রামে ১৯১ জন, ময়মনসিংহে ১১০ জন, রংপুরে ৮৬ জন এবং রাজশাহী বিভাগে ৪৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ও মৃত্যুর ঊর্ধ্বগতি অব্যাহত থাকায় রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় মশাবাহিত এ রোগের বিস্তার নিয়ে উদ্বেগ বাড়ছে।