মুক্তমন রিপোর্ট: ন্যায্য ডেলিভারি চার্জ, যথাযথ পারিশ্রমিক, স্বচ্ছ নীতিমালা ও পেনাল্টি ব্যবস্থা, বীমা ও নিরাপত্তা সুবিধাসহ বিভিন্ন দাবিতে রাজধানীর গুলশানে ফুডপান্ডার হেড অফিসের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন রাইডাররা।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) আয়, কাজের পরিবেশ, পারিশ্রমিক কাঠামো এবং প্রতিষ্ঠানের বিভিন্ন নিয়মকানুন নিয়ে নিজেদের অসন্তোষ ও দাবি তুলে ধরেন তারা।

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া রাইডারদের অভিযোগ, দীর্ঘ সময় রাস্তায় কাজ করেও প্রত্যাশিত আয় হচ্ছে না। এর সঙ্গে বেড়েছে জ্বালানি ও অন্যান্য দৈনন্দিন পরিচালন ব্যয়। ডেলিভারি চার্জ ও রাইডারদের প্রাপ্ত পারিশ্রমিকের হিসাব, ইনসেনটিভ ও বোনাসের পর্যাপ্ততা, পেনাল্টি এবং অ্যাকাউন্ট সাসপেনশনের মতো বিষয়গুলো তাদের কাজকে আরও কঠিন করে তুলছে বলে দাবি করেন তারা।
রাইডারদের ভাষ্য, একজন রাইডারের দৈনিক আয়ের উল্লেখযোগ্য অংশ জ্বালানি, গাড়ি বা মোটরসাইকেল রক্ষণাবেক্ষণ, মোবাইল ডাটা এবং অন্যান্য কাজ-সংশ্লিষ্ট খরচে চলে যায়। ফলে মোট আয় ও প্রকৃত হাতে থাকা আয়ের মধ্যে বড় ধরনের পার্থক্য তৈরি হচ্ছে।
অবস্থান কর্মসূচিতে রাইডাররা বিভিন্ন দাবি ও সমস্যার কথা তুলে ধরেন। এর মধ্যে রয়েছে—ন্যায্য ও স্বচ্ছ ডেলিভারি চার্জ নির্ধারণ, ইনসেনটিভ ও বোনাসের কাঠামো উন্নত করা, বীমা ও নিরাপত্তা সুবিধা নিশ্চিত করা এবং রাইডারদের কাজের উপযোগী পারিশ্রমিক কাঠামো প্রণয়ন।
তারা আরও বলেন, জ্বালানি ও অন্যান্য পরিচালন ব্যয় বিবেচনায় নিয়ে যৌক্তিক পারিশ্রমিক নির্ধারণ করা প্রয়োজন। একই সঙ্গে অ্যাপে থাকা বিভিন্ন নীতিমালা আরও স্পষ্ট, সহজবোধ্য ও স্বচ্ছ করার দাবি জানান তারা।

কর্মসূচিতে অংশ নেওয়া রাইডারদের কেউ কেউ অভিযোগ করেন, নিজেদের সমস্যার কথা বলার ক্ষেত্রেও তারা চাপের মধ্যে থাকেন। তাদের ভাষ্য, কথা বললে কাজ হারানোর আশঙ্কা এবং লেট ফি, জরিমানা ও বিভিন্ন নিয়মের কারণে কাজের পরিবেশ কঠিন হয়ে উঠেছে।
অবস্থান কর্মসূচির পর ফুডপান্ডা কর্তৃপক্ষ আলোচনার জন্য ৫ থেকে ৬ জন রাইডারকে হেড অফিসের ভেতরে নিয়ে যায় বলে কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিরা জানান। সেখানে রাইডারদের উত্থাপিত দাবিগুলো নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হওয়ার কথা রয়েছে।
রাইডাররা বলেন, তারা ফুডপান্ডার সঙ্গে কাজ চালিয়ে যেতে চান। তবে কাজের পারিশ্রমিক, নীতিমালা, পেনাল্টি ব্যবস্থা এবং নিরাপত্তা সুবিধার ক্ষেত্রে আরও ন্যায্যতা ও স্বচ্ছতা নিশ্চিত করা প্রয়োজন।