রনজিৎ সরকার রাজ : দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুলপুর এলাকায় বালিয়া নদীর ওপর নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন করা হয়েছে।
দীর্ঘ প্রায় এক যুগ পর সেতুটি চালু হওয়ায় দুই ইউনিয়নসহ আশপাশের এলাকার মানুষের দীর্ঘদিনের যোগাযোগ দুর্ভোগের অবসান হতে যাচ্ছে। একই সঙ্গে স্থানীয় বাসিন্দাদের যাতায়াত ও পণ্য পরিবহনে নতুন সুযোগ সৃষ্টি হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যার আগে উপজেলার সিংড়া বৌদির মোড় বাজারে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুনের সভাপতিত্বে সেতুটির উদ্বোধন করেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম।
সেতুটি চালু হওয়ায় ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নসহ আশপাশের এলাকার মানুষের দীর্ঘদিনের যোগাযোগ সংকট ও দুর্ভোগ অনেকটাই কমবে বলে আশা করছেন স্থানীয়রা।
এ ছাড়া সেতুটি স্থানীয় ব্যবসা-বাণিজ্য, কৃষিপণ্য পরিবহন, শিক্ষা ও চিকিৎসাসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বাস্তবায়নকারী সংস্থা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বীরগঞ্জ উপজেলা প্রকৌশলী হুমায়ুন কবির জানান, সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে ২ কোটি ১২ লাখ টাকা।
এ সময় বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা ও ইটভাটা মালিক সমিতির সভাপতি, চেম্বার অব কমার্সের পরিচালক এবং সাবেক ভিপি রেজওয়ানুল ইসলাম রিজু; বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সুজালপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী শওকত জুলিয়াস জুয়েল; যুবদলের সদস্যসচিব ও মরিচা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তানভীর চৌধুরী; নিজপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ও বিএনপি নেতা আনিসুর রহমান আনিস; বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও মেয়র প্রার্থী বাবু সুভাষ দাস; ভোগনগর ইউপি চেয়ারম্যান রাজিউর রহমান রাজু; গোপাল চন্দ্র দেবশর্মা; ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন।
এ ছাড়া কৃষকদল ইউনিয়ন সভাপতি ফজলে আলম শাহিন, বিএনপি নেতা মুজাহিদুল ইসলাম মাজু, ভোগনগর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী ও ব্যবসায়ী আলহাজ্ব সিদ্দিক হোসেন, ছাত্রবিষয়ক সম্পাদক শাজাহান সিরাজ শিপনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, পেশাজীবী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।