বিয়ের জাঁকজমক নয়, ভালোবাসা ও সম্মানকে গুরুত্ব দেন শ্রুতি হাসান

বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলছেন অভিনেত্রী শ্রুতি হাসান
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলছেন অভিনেত্রী শ্রুতি হাসান

মুক্তমন রিপোর্ট : বিয়ে নিয়ে নিজের ভাবনা জানিয়ে দক্ষিণ ভারতীয় অভিনেত্রী শ্রুতি হাসান বলেছেন, জাঁকজমকপূর্ণ আয়োজনের চেয়ে দুজন মানুষের পারস্পরিক ভালোবাসা ও সম্মানই বেশি গুরুত্বপূর্ণ। বিয়েতে অতিরিক্ত অর্থ খরচ না করে সেই অর্থ অসহায় মানুষের সহায়তায় ব্যয় করার পক্ষেও মত দিয়েছেন তিনি।

সোহা আলি খানের পডকাস্টে নিজের ব্যক্তিগত জীবন ও বিয়ে নিয়ে কথা বলেন শ্রুতি। তাঁর মতে, বিয়ে শুধু কাগজপত্রের সম্পর্ক নয়; বরং সঙ্গীর সঙ্গে প্রতিদিন একে অপরকে বেছে নেওয়া এবং পারস্পরিক বোঝাপড়ার বিষয়।

শ্রুতি বলেন, তাঁর কাছে সঙ্গীর সঙ্গে ভালোবাসা ও সম্মান বজায় রাখাটাই গুরুত্বপূর্ণ। বিয়ের আনুষ্ঠানিকতা বা কাগজপত্রের চেয়ে সম্পর্কের বন্ধনকে তিনি বেশি গুরুত্ব দেন।

অভিনেত্রী জানান, অতীতে বিয়ের কাছাকাছি গিয়েছিলেন তিনি। তবে সেই অভিজ্ঞতা বিয়ে সম্পর্কে তাঁর মধ্যে কোনো ভয় তৈরি করেনি। একই সঙ্গে বড় আয়োজন ও অতিরিক্ত ব্যয়ের বিষয়টি তাঁকে ভাবায় বলে জানান তিনি।

শ্রুতির ভাষ্য, বিয়েতে অযথা বিপুল অর্থ ব্যয় করার পরিবর্তে সেই অর্থ দাতব্য কাজে ব্যবহার করা যেতে পারে। বড় অঙ্কের অর্থ খরচ করেন এমন কাউকে তিনি ছোট করতে চান না বলেও স্পষ্ট করেছেন।

মাতৃত্ব নিয়েও নিজের ইচ্ছার কথা জানান শ্রুতি। তিনি বলেন, পরিবার বা সমাজের প্রত্যাশার কারণে নয়, নিজের ইচ্ছাতেই মা হতে চান। এ ক্ষেত্রে দত্তক নেওয়ার বিষয়েও তিনি আগ্রহী বলে জানিয়েছেন।

অভিনয়ের ব্যস্ততাও রয়েছে এই অভিনেত্রীর। তাঁর হাতে বর্তমানে তামিল সিনেমা ‘ট্রেন’ ও তেলুগু সিনেমা ‘আকাশামলো ওকা তারা’ রয়েছে।

Muktomon/TA