মীর সাজু : ভোলার চরফ্যাশন উপজেলার মুখার বান্দা এলাকার প্রধান সড়কের পাশে দীর্ঘদিন ধরে জমে আছে ময়লা-আবর্জনার বিশাল স্তূপ। এতে একদিকে যেমন পরিবেশ দূষণ বাড়ছে, অন্যদিকে দুর্গন্ধ ও মশা-মাছির উপদ্রবে জনস্বাস্থ্যও হুমকির মুখে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিষয়টি চললেও স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগের অভাব রয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিদিন বিভিন্ন স্থান থেকে ময়লা-আবর্জনা এনে সড়কের পাশে ফেলা হচ্ছে। ফলে দিন দিন আবর্জনার স্তূপ বড় হচ্ছে। এতে আশপাশের এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। পাশাপাশি ব্যস্ত সড়ক দিয়ে চলাচলকারী পথচারী ও যানবাহনের চালকদেরও দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এলাকাবাসীর দাবি, ময়লার স্তূপের কারণে মশা-মাছির উপদ্রব বেড়েছে। এতে ডেঙ্গু, ডায়রিয়াসহ বিভিন্ন রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে শিশু ও বয়স্কদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।
একাধিক সচেতন নাগরিক বলেন, মুখার বান্দা একটি ব্যস্ত সড়ক। এমন গুরুত্বপূর্ণ সড়কের পাশে দীর্ঘদিন ধরে ময়লা জমে থাকা কোনোভাবেই কাম্য নয়। দ্রুত আবর্জনা অপসারণের পাশাপাশি এখানে যাতে নিয়মিত ময়লা ফেলা না হয়, সে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
এ বিষয়ে চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বলেন, মুখার বান্দা এলাকার ময়লার স্তূপটি নতুন নয়; এটি আগে থেকেই রয়েছে। সমস্যাটির স্থায়ী সমাধানের জন্য তারা কাজ করছেন।
তিনি জানান, ময়লা ব্যবস্থাপনার জন্য জমি অধিগ্রহণের বিষয়ে ইতোমধ্যে মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। অনুমোদনের জন্য অপেক্ষা করা হচ্ছে। অনুমোদন পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ইউএনও আরও বলেন, আপাতত ব্লিচিং পাউডার ছিটিয়ে ময়লা-আবর্জনার স্তূপ পরিষ্কার করার চেষ্টা করা হবে। একই সঙ্গে স্থায়ী সমাধানের জন্য প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত রয়েছে।
এদিকে স্থানীয়রা দ্রুত ময়লা অপসারণ, দুর্গন্ধ ও জীবাণু নিয়ন্ত্রণ এবং নির্দিষ্ট বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর দাবি জানিয়েছেন। তাদের প্রত্যাশা, প্রশাসনের উদ্যোগে দ্রুত সমস্যাটির স্থায়ী সমাধান হবে।