মুক্তমন রিপোর্ট : চলতি জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) দারুণ ফর্মে থাকা মাহফিজুল ইসলাম রবিন আরও একটি সেঞ্চুরির অপেক্ষায়। প্রথম ইনিংসে সেঞ্চুরি হাতছাড়া হলেও দ্বিতীয় ইনিংসে ৮৬ রানে অপরাজিত থেকে শতকের দ্বারপ্রান্তে পৌঁছেছেন ময়মনসিংহের এই ব্যাটার।
সিলেটের বিপক্ষে ম্যাচে রবিনের সঙ্গে খালিদ হাসানের ১৪৮ রানের উদ্বোধনী জুটিতে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছে ময়মনসিংহ। তৃতীয় দিনের খেলা শেষে এক উইকেটে ১৪৮ রান করেছে তারা। ফলে প্রথম ইনিংসের ১৬ রানের ঘাটতি পুষিয়ে নিয়ে ময়মনসিংহের লিড দাঁড়িয়েছে ১৩২ রানে।
এর আগে ৫ উইকেটে ২৩৬ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিল সিলেট। তৃতীয় দিনে ষষ্ঠ উইকেটে তোফায়েল আহমেদ ও নাইম আহমেদ ৬৮ রানের জুটি গড়েন। পরে ৩২৭ রানে অলআউট হয়ে ১৬ রানের লিড নেয় সিলেট।
ময়মনসিংহের হয়ে আজিজুল হাকিম রনি চারটি, রাকিবুল তিনটি, গালিব দুটি এবং রিজান একটি উইকেট নেন।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরু থেকেই সাবলীল ছিলেন রবিন ও খালিদ। প্রথম ইনিংসে ৭০ রান করা রবিন দ্বিতীয় ইনিংসেও ৮৬ রানে অপরাজিত আছেন। খালিদ ৫৭ রান করে আউট হলে ১৪৮ রানের জুটি ভাঙে। দিন শেষে রবিন সেঞ্চুরি থেকে ১৪ রান দূরে রয়েছেন।
সাদিকুরের সেঞ্চুরিতে চট্টগ্রামের লিড
অন্য ম্যাচে রাজশাহীর বিপক্ষে চট্টগ্রামের সাদিকুর রহমান সেঞ্চুরি করেছেন। আগের দিন বিনা উইকেটে ১৯০ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করা চট্টগ্রাম তৃতীয় দিনের শুরুতে মাত্র ৩ রান যোগ করেই আগের দিনের সেঞ্চুরিয়ান মাহমুদুল হাসান জয়কে হারায়।
এরপর সাদিকুর রহমান তুলে নেন সেঞ্চুরি। তিনি ১১৫ রান করে আউট হন। অধিনায়ক ইরফান শুক্কুরও খেলেন ৮৬ রানের ইনিংস। তবে পরের ব্যাটাররা বড় ইনিংস খেলতে না পারায় ৩৯৩ রানে অলআউট হয় চট্টগ্রাম। এতে প্রথম ইনিংসে তাদের লিড দাঁড়ায় ২৯ রান।
রাজশাহীর হয়ে এসএম মেহেরব হাসান চারটি, নিহাদউজ্জামান ও সানজামুল দুটি করে এবং শফিকুল ও মোহাম্মদ ওয়ালিদ একটি করে উইকেট নেন।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে রাজশাহী। দ্বিতীয় ওভারেই হাবিবুর রহমান সোহানের উইকেট হারায় তারা। এরপর সাব্বির হোসেনও ৬ রান করে ফেরেন। দিন শেষে ২ উইকেটে ৪৬ রান করেছে রাজশাহী।
Muktomon/TA